…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে

নিজস্ব প্রতিবেদক
সাবেক মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী: বিএনপি-জামায়াত বিরোধ ছড়িয়েছে সংসদ থেকে নির্বাচনের মাঠে
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে এই বিরোধ নতুন মাত্রা পায়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।

নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একসময়ের দুই মিত্রের এই বিরোধের নেপথ্যে কী রাজনৈতিক হিসাব রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এর পেছনে আদর্শিক বিরোধ, ভোটের প্রতিযোগিতা, ক্ষমতার হিসাব ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—সবই কাজ করছে। জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি বিএনপির জন্য কতটা উদ্বেগের কারণ হয়ে উঠছে, সেটিও আলোচনায় রয়েছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। অন্যদিকে জামায়াত সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়। এতে দুই দলের সম্পর্কের সমীকরণও পাল্টে যায়। আগে বিএনপির সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে থেকে জামায়াত যে রাজনৈতিক সুবিধা পেত, এখন তাকে নিজস্ব শক্তি ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিরোধী দলের ভূমিকা প্রতিষ্ঠা করতে হচ্ছে।

জামায়াতের বিভিন্ন সমালোচনার জবাবে গত ৩০ জানুয়ারি রংপুরে নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তোলেন—বিএনপি এতই খারাপ হলে জামায়াত কেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে সরকারে ছিল। অতীতের জোটের প্রসঙ্গ টেনে তিনি নির্বাচনী প্রচারে জামায়াত নেতাদের সমালোচনার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

নির্বাচনের পর দুই দলের বিরোধ সংসদেও গড়িয়েছে। গত ২৮ জুন জাতীয় সংসদে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বিতর্ক হয়। বিএনপি তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরলে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছিলেন, গণ-অভ্যুত্থানের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই; এর কৃতিত্ব জনগণ ও তরুণদের।

শুধু পাল্টাপাল্টি বক্তব্য নয়, জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব, সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ, জুলাই সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া এবং সংস্কার প্রস্তাব নিয়েও দল দুটির মধ্যে কৌশলগত ও রাজনৈতিক দূরত্ব বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এবং দলটির ভোট ও সাংগঠনিক প্রভাব নিয়েও প্রতিযোগিতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার হলে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা যা বলছি সিরিয়াসলি বলছি। ভবিষ্যতে আমরা আরও হার্ডলাইনে যাব।’

সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরেও দুই দলের বিরোধ প্রকাশ্য হয়েছে। গত ২৯ অক্টোবরের ওই নির্বাচনে জামায়াতের প্রার্থীকে হারিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত হন। নির্বাচনের পরদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে অনিয়মকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন। অন্যদিকে নির্বাচন কমিশন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াতকে নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের উদ্বেগ নেই। তবে তাদের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কথাবার্তা নিয়ে অস্বস্তি আছে। রিজভী বলেন, ‘হ্যাঁ, একসময় তারা (জামায়াত) আমাদের রাজনৈতিক মিত্র ছিল; কিন্তু এখন তারা এমন ভাব দেখাচ্ছে যে তারাই ক্ষমতায় আসত, তাদের আসতে দেওয়া হয়নি। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার; কিন্তু তারা যদি বিভিন্ন বিষয়ে লাগাতারভাবে বানোয়াট অভিযোগ দিয়ে যায়, তাহলে তো আমাদের বলতে হবে তাদের লাগামহীন আচরণের কারণে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হচ্ছে।’

এ প্রসঙ্গে রিজভী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের উদাহরণ টানেন। তিনি বলেন, এত সুন্দর নির্বাচন হলো। সারা দিন কোনো কথা নেই, ভোটের শেষের দিকে এসে নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নানা অভিযোগ তুলছে। এতে মনে হচ্ছে, তারা জনমনে বিভ্রান্তি তৈরির কৌশল নিয়েছে।

জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়, বিরোধী দলে থাকলেও একসময়ের মিত্র বিএনপির কাছ থেকে তাঁরা কিছুটা সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেছিলেন; কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটছে না বলে তাঁদের অভিযোগ। বরং উন্নয়ন বরাদ্দসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতের রাজনৈতিক প্রভাব রয়েছে, এমন এলাকাগুলো বৈষম্যের শিকার হচ্ছে বলে তাঁরা মনে করছেন। জাতীয় সংসদে জামায়াতের সদস্যদের বক্তব্যেও এই অসন্তোষ উঠে এসেছে।

বিএনপি ও জামায়াতের বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১ অক্টোবর এক বক্তৃতায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে একটি স্বৈরাচারী ও একটি গুপ্ত দল এক হয়েছে বলে মন্তব্য করেন। এর আগে বিভিন্ন বক্তব্যে বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক যোগাযোগ ও সমঝোতার প্রসঙ্গও সামনে এনেছেন।

গত ২০ অক্টোবর রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে জানিয়ে বলেন, পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে। নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা কয়েকটি দলও এতে যুক্ত হয়েছে।

ওই দিনই রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর জবাব দেন। তিনি বলেন, নিজেদের দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য সরকার জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। বিরোধী দল কখনো ফ্যাসিস্টকে আসার সুযোগ করে দিচ্ছে না; বরং বিরোধী দলের আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই পথ দিয়ে তারাই ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে।

রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশের মতে, একটি ‘পতিত স্বৈরাচারী দল’ ও একটি ‘গুপ্ত দল’কে ইঙ্গিত করে বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য কার্যত ‘এক ঢিলে দুই পাখি মারার’ রাজনৈতিক কৌশল। এর লক্ষ্য হতে পারে আওয়ামী লীগ ও জামায়াত—দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকেই চাপে রাখা। বিশেষ করে জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতাপ্রবণ শক্তি হিসেবে উপস্থাপন করা গেলে আওয়ামী লীগবিরোধী ভোটারদের কাছে দলটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়।

বিএনপি এখন নিজেদের একটি উদার গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দলটি একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধকে ধারণ করে সামনের রাজনীতি এগিয়ে নিতে চাইছে। সাবেক দুই মিত্রের বিরোধে ভোট ও ক্ষমতার হিসাবের পাশাপাশি আদর্শিক অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে সামনে এনে উদার ও মধ্যপন্থী পরিচয় প্রতিষ্ঠায় সচেষ্ট।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্ত…

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন
রাজনীতি

৭ নভেম্বর থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংগঠিত যাত্রা শুরু: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন

১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স…

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক
রাজনীতি

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে দেশে নানা আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার মাসুদ রানার সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যা…

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর, দোকানেও হামলা, সড়ক অবরোধ
রাজনীতি

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর, দোকানেও হামলা, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে একটি ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকা…