…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

অর্থ পাচারের তদন্তের মধ্যেই ব্রিটিশ নাগরিকত্ব নিলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি

নিজস্ব প্রতিবেদক
অর্থ পাচারের তদন্তের মধ্যেই ব্রিটিশ নাগরিকত্ব নিলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলার মধ্যেই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ঘোষণা দিয়েছেন লিগটির প্রতিষ্ঠাতা ললিত মোদি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন এবং গতকাল ১৪ নভেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান। বিষয়টিকে তিনি জীবনের অত্যন্ত ব্যক্তিগত ও গর্বের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ললিত মোদি জানান, পরিবার ও বন্ধুদের নিয়ে এক অনুষ্ঠানে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়টি উদ্‌যাপন করেছেন তিনি। তিনি লেখেন, ‘আমি একজন ব্রিটিশ নাগরিক হতে পেরে গর্বিত। ১৫ সেপ্টেম্বর ২০২৬, পরিবার ও বন্ধুদের পাশে নিয়ে এক অনুষ্ঠানে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়টি উদ্‌যাপন করেছি। দিনটি আমার হৃদয়ে সব সময় বিশেষ জায়গা করে থাকবে।’ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে খবরটি জানানোর সুযোগ হওয়ায় দিনটি তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

বহু বছর ধরে যুক্তরাজ্যই তাঁর আবাস উল্লেখ করে মোদি বলেন, দেশটির মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালো লাগা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া শুধু একটি বিশেষ সুযোগ নয়, এটি একটি দায়িত্বও; গর্ব, কৃতজ্ঞতা ও আপনত্বের অনুভূতি নিয়ে তিনি সেই দায়িত্ব গ্রহণ করছেন। যে দেশকে এখন গর্বের সঙ্গে নিজের আবাস বলে পরিচয় দিচ্ছেন, সেখানে ইতিবাচক অবদান রাখা অব্যাহত রাখতে চান বলেও জানান তিনি। পরিবার, বন্ধু ও অক্সফোর্ড ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতাও জানান মোদি।

ললিত মোদি ২০০৮ সালে আইপিএল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং টুর্নামেন্টটির প্রথম চেয়ারম্যান ও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি আন্তর্জাতিক খেলোয়াড়, সম্প্রচার প্রতিষ্ঠান, স্পনসর ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এবং পরে বিশ্বের অন্যতম বৃহৎ ও বাণিজ্যিকভাবে প্রভাবশালী ক্রিকেট লিগে পরিণত হয়।

তবে আইপিএলে তাঁর সময়টি বিতর্কমুক্ত ছিল না। আইপিএলে আর্থিক অনিয়ম, দরপ্রক্রিয়ায় কারচুপি, অননুমোদিত তহবিল স্থানান্তর, অর্থ পাচার এবং বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ কাঁধে নিয়েই ২০১০ সালে দেশ ছেড়েছিলেন তিনি; এরপর থেকে যুক্তরাজ্যেই বসবাস করছেন। অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তের পর ২০১৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করে।

ভারতের ক্রিকেট প্রশাসনে দায়িত্ব পালনের সময় ওঠা আর্থিক অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগের বিভিন্ন দিক নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে। তবে মোদি তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এবং বিভিন্ন অভিযোগ চ্যালেঞ্জ করেছেন।

কয়েক মাস আগে আইপিএলের ২০০৯ সালের আসর-সংশ্লিষ্ট একটি মামলায় গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়েছিল তাঁর পক্ষে। স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস (ফরফিচার অব প্রপার্টি) আইনের (সাফেমা) অধীন আপিল ট্রাইব্যুনাল চলতি বছরের শুরুতে ওই মামলায় ললিত মোদি ও অন্য আপিলকারীদের বিরুদ্ধে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অধিকাংশ পর্যবেক্ষণ ও জরিমানা বাতিল করেন। প্রতিবেদন অনুযায়ী, ট্রাইব্যুনাল বলেছেন, এ ঘটনায় মোদির দায় প্রতিষ্ঠার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই।

এদিকে ব্রিটিশ নাগরিকত্ব ললিত মোদির ভারতে প্রত্যর্পণের সম্ভাব্য প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিকত্ব পেলেই প্রত্যর্পণ থেকে স্বয়ংক্রিয়ভাবে দায়মুক্তি পাওয়া যায় না। প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার জন্য যুক্তরাজ্যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে; এ ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ, আইনি শর্ত এবং সম্ভাব্য আইনি আপত্তি পরীক্ষা করে দেখেন। প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) ও আদালতের ভূমিকা রয়েছে।

অন্যদিকে, ভারত দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি ভারতীয় নাগরিকত্ব হারান। তবে মোদির নাগরিকত্ব পরিবর্তনের সুনির্দিষ্ট প্রভাব নির্ভর করবে এ-সংক্রান্ত প্রযোজ্য আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

ম্যানিলা সম্মেলনে দক্ষিণ চীন সাগর আচরণবিধি চুক্তি হওয়ার সম্ভাবনা কম, বলছেন বিশ্লেষকেরা

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান ও চীনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আচরণবিধি চুক্তি এই সপ্তাহে ম্যানিলায় জোটের বার্…

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় হামলায় নয়জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসির রায়

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলা চালানোর দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে চালানো…

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য
আন্তর্জাতিক

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভ…

আন্তর্জাতিক

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন: জ্বালানি সংকট, দক্ষিণ চীন সাগর ও শুল্কযুদ্ধ এজেন্ডায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এ সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে যুক…