আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা

ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর পরও খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মো. জিয়া গাইন ও তাঁর স্ত্রী শামীমা বেগমের বসতভিটা শাকবাড়িয়া নদীর পানির নিচে। বেড়িবাঁধ ভেঙে জোয়ার-ভাটার স্রোতে তৈরি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ও ২৫০ মিটার চওড়া খাল তাঁদের বাড়ি কেড়ে নিয়েছে; এখন তাঁরা থাকেন বেড়িবাঁধের ঢালে।
একই গ্রামের ষাটোর্ধ্ব মিনতি সানার বাড়িও ছিল এখনকার নদীর মাঝের দিকে। আইলার পর সেই জমি আর উদ্ধার হয়নি। ইসমাঈল গাজী, ইউনুস আলী ও ইলিয়াস গাজীসহ গ্রামের অনেকের গল্পও একই—বসতভিটা হারিয়ে ১৭ বছর ধরে বেড়িবাঁধের ঢালে বসবাস করছেন তাঁরা।
উপকূলে ঘর হারানো, লবণাক্ততা বাড়া ও নিরাপদ পানির সংকট মানুষের জীবন বদলে দিচ্ছে। এসব পরিস্থিতি কীভাবে সামলানো যায়, তা নিয়ে তুরস্কে কপ৩১ জলবায়ু সম্মেলনে আলোচনা হচ্ছে। সম্মেলনের আগে প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট ২০২৬ অভিযোজন অর্থায়নের ঘাটতির চিত্র তুলে ধরেছে।
বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, অভিযোজনের অগ্রাধিকার বাস্তবায়নে বছরে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। একই নথিতে অভিযোজন খাতে বছরে গড়ে অর্থপ্রবাহ প্রায় ৪ বিলিয়ন ডলার বলা হয়েছে। সে হিসাবে ঘাটতি ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার—প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরলে প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা।
এনডিসি ৩.০ বলছে, ২০৩৫ সাল নাগাদ অভিযোজনের বার্ষিক প্রয়োজন বেড়ে ১২ থেকে ১৪ বিলিয়ন ডলার হতে পারে। একই বিনিময় হারে তা প্রায় ১ লাখ ৪৯ হাজার ৭০০ কোটি থেকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ কোটি টাকা।
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায় (এনএপি) ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে মোট ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজন ধরা হয়েছে। ২৭ বছরে এই অঙ্ক বছরে গড়ে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমান। পানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা—বিভিন্ন ক্ষেত্রের উদ্যোগ এতে রয়েছে।
ইউএনইপির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ২০২৪ সালে ছিল ২৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় বেড়েছে মাত্র ১ বিলিয়ন ডলার।
উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের বার্ষিক প্রয়োজন ২০৩৫ সালে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার হতে পারে। কপ৩০-তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার আহ্বান জানানো হয়েছিল। ইউএনইপির হিসাবে, এই লক্ষ্য পূরণ হলেও উন্নয়নশীল দেশগুলোর সম্ভাব্য চাহিদার মাত্র ২০ থেকে ২৯ শতাংশ মিটবে।
অর্থায়নের ধরনও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের ৫৫ শতাংশ ছিল ঋণ, ৪৪ শতাংশ অনুদান। ঋণের প্রায় অর্ধেক ছিল বাজারভিত্তিক বা সহজ শর্তবিহীন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য অনুদান ও কম সুদের দীর্ঘমেয়াদি অর্থায়ন বাড়ানো জরুরি, যাতে অভিযোজনের খরচ মেটাতে সরকারি ঋণের চাপ আরও না বাড়ে।
জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ হাসীব মুহাম্মদ ইরফানুল্লাহ বলেন, কপের আগে প্রকাশিত প্রতিবেদনগুলো অভিযোজন অর্থায়নের ধরন ও প্রবাহের পরিবর্তন বুঝতে এবং আলোচনায় কাজে লাগে। তবে উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অর্থ যাওয়ার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে।
ইউএনইপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০১০ থেকে ২০১৭–১৮ অর্থবছরের মধ্যে রাজস্ব বাজেট থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে অন্তত ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে। এ সময়ে ১৮টি মন্ত্রণালয়ের ৫১২টি প্রকল্প অনুমোদিত হয়; তহবিলের অন্তত ৪৫ শতাংশ, অর্থাৎ ১৮০ মিলিয়ন ডলারের বেশি, অভিযোজনের কাজে ব্যয় করা হয়। তবে বছরে ১২–১৪ বিলিয়ন ডলারের সম্ভাব্য চাহিদার তুলনায় এই অর্থ কম।
২০২৬–২৭ অর্থবছরের জলবায়ু বাজেট প্রতিবেদনে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় ধরা হয়েছে ৫১ হাজার ৭৪৬ কোটি টাকা। এর মধ্যে অভিযোজনের জন্য ৩৮ হাজার ৯০৬ কোটি টাকা। জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের জন্য ১০০ কোটি টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই মোট অঙ্ক নতুন অভিযোজন প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ নয়; এটি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বাজেটে চিহ্নিত ব্যয়ের হিসাব।
অভিযোজন ঝুঁকি কমাতে পারে, কিন্তু সব ক্ষতি ঠেকাতে পারে না। ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলের প্রথম দফায় ১১৯টি উন্নয়নশীল দেশ ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের আবেদন করেছিল। তহবিলের প্রাথমিক অর্থ ছিল ৩৪২ মিলিয়ন ডলার—চাহিদার প্রায় এক-অষ্টমাংশ। জটিল আবেদনপ্রক্রিয়া ও সীমিত সক্ষমতাও সহায়তা পাওয়ার পথে বাধা।
কপ৩১ সম্মেলনে থাকা গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি লিড ফারাহ আঞ্জুম বলেন, ঝুঁকি বেশি হলেও বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান কম; তবু অভিযোজনের বড় ব্যয় দেশটিকে নিজস্ব সম্পদ থেকেই বহন করতে হচ্ছে। তাঁর মতে, উন্নত দেশগুলোর উচিত প্রতিশ্রুতির বাইরে গিয়ে সহজে পাওয়া যায়—এমন অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি সহায়তা দেওয়া। বরাদ্দ অর্থ ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না এবং বাস্তবে ক্ষতি কমাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।


