ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, স্কোর ২২১ নিয়ে বিশ্বে তৃতীয়
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচকে স্কোর ছিল ২২১। এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।
আইকিউএয়ারের লাইভ সূচকে এদিন দূষিত বায়ুর তালিকায় ২৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং, শহরটির স্কোর ১৭৬। ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।
একই মানদণ্ডে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ গণ্য করা হয়। সেই হিসাবে রোববার সকালের ২২১ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়েই ছিল।


