…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, মিত্রদের মনে নতুন নিরাপত্তা-উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, মিত্রদের মনে নতুন নিরাপত্তা-উদ্বেগ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে গত অক্টোবরে ১২টি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্রমবর্ধমান হুমকির মুখে ঘাঁটিটি আর নিরাপদ নয়—এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

এর কয়েক দিন আগেই যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। দেশটির সরকার অভিযোগ করে, ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে এবং এর পেছনে ইরানের হাত আছে। তবে তেহরানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শুধু ফেয়ারফোর্ড নয়, অন্যান্য ঘাঁটি থেকেও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ মাসের শুরুতে যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে ১২টি মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে।

গত জুলাইয়ের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সেসব ঘাঁটিতে থাকা বিভিন্ন সামরিক সরঞ্জাম দ্রুত জর্ডানে সরিয়ে নেওয়া হয়। সেসব সামরিক সরঞ্জাম ইসরায়েলে স্থানান্তরের একটি প্রস্তাবও বিবেচনা করছে ওয়াশিংটন।

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এসব ঘটনা উপসাগরীয় ও ইউরোপীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য নতুন এক নিরাপত্তাসংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে সংশ্লিষ্ট দেশগুলো এমন একটি যুদ্ধে পাল্টা হামলার ঝুঁকিতে পড়ছে, যে যুদ্ধ শুরুর সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকাই নেই।

ফেয়ারফোর্ড ঘাঁটির ভূমিকা দীর্ঘদিনের। ১৯৯৯ সালের মার্চে যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ বোমারু বিমান এই ঘাঁটি থেকে উড়াল দেয়, মিনিট দুয়েকের মধ্যে আরও সাতটি যুদ্ধবিমান একই পথে উড়ে যায়; সেদিন তৎকালীন যুগোস্লাভিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর হামলা শুরু হয়েছিল। অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলোয় জ্বালানি সরবরাহের কেন্দ্র হিসেবেও ঘাঁটিটি ব্যবহার করা হতো। এর আগে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়ও ঘাঁটিটি একই ভূমিকা পালন করে, পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও এটি ব্যবহার করে মার্কিন বাহিনী। সর্বশেষ এ বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রারম্ভিক অবস্থায় এই ঘাঁটি ব্যবহার করা হয়েছে।

ইরান নিজস্ব প্রযুক্তিতে কম খরচে ড্রোন তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এসব ড্রোন দিয়ে তুলনামূলক কম খরচে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা যায়। অন্যদিকে এসব প্রতিহত করতে প্রতিপক্ষকে অনেক বেশি দামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, এতে তাদের যুদ্ধের ব্যয় বেড়ে যায়।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাছাতা এখন ক্রমেই দুই ধারওয়ালা তলোয়ারে পরিণত হচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে সেগুলোর কৌশলগত সুবিধা নিয়ে ওয়াশিংটনের হিসাব-নিকাশও বদলে যাচ্ছে; একই সঙ্গে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোকে এসব ঘাঁটি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, কারণ এসব ঘাঁটি ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, তিনজনই ইরানের মদদপুষ্ট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলার পরিকল্পনায় তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিও ছিল।

উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলোয় হামলা চালানোর কারণ সম্পর্কে ইরান স্পষ্ট করে বলেছে, এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। তেহরান এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে। এ ছাড়া ওমানের ভূখণ্ডেও হামলা চালিয়েছে তেহরান, যদিও দেশটিতে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি নেই। উপসাগরীয় অঞ্চলের বাইরে জর্ডান ও ইরাকে হামলা চালানো হয়েছে; দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের বেশ বড়সড় সামরিক স্থাপনা রয়েছে।

পেন্টাগনের নজরদারি সংস্থার গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার মাসে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় কয়েক শ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় অন্তত পাঁচটি কেসি-১৩৫ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে; এসব উড়োজাহাজ দিয়ে মাঝ-আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। পরে আরেকটি হামলায় মাটিতে থাকা অন্তত একটি আকাশপথে নজরদারি ও নিয়ন্ত্রণ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রয়োজন আপাতত আর নেই। তবে ইরানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি বলেন, মার্কিন সামরিক স্থাপনা থাকার বিষয়টি এখন সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এসব দেশ ইরানে যুদ্ধ চায়নি; কিন্তু নিজেদের মতামত দেওয়ার তেমন কোনো সুযোগ ছাড়াই এসব দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে।

গত মার্চে ইরানের একটি ড্রোন সুদূর সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির হ্যাঙ্গারে আঘাত হানে; যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তথ্য সংগ্রহ ও রসদ সরবরাহের কাজে এই ঘাঁটি ব্যবহার করে। এর আগে ন্যাটোর সদস্যদেশ বুলগেরিয়াকে হুমকি দিয়েছিল ইরান; দেশটি যুক্তরাষ্ট্রকে তাদের বেজমের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। কয়েক সপ্তাহ পর বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী উড়োজাহাজগুলো স্থায়ীভাবে বেজমের বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে; দেশটির প্রেসিডেন্টও ঘোষণা দেন, ‘অভিযান শেষ হয়েছে’।

বিশ্লেষকদের অনেকের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহার করা কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে, এর মধ্যে কুয়েতের ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের হামলায় মার্কিন বাহিনীর ছয়জন সার্ভিস সদস্য নিহত হন, ধ্বংস হয়ে যায় একটি অভিযান পরিচালনা কেন্দ্র। আলী আল-সালেম বিমানঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ চলাচলের স্থাপনা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

ম্যানিলা সম্মেলনে দক্ষিণ চীন সাগর আচরণবিধি চুক্তি হওয়ার সম্ভাবনা কম, বলছেন বিশ্লেষকেরা

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান ও চীনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আচরণবিধি চুক্তি এই সপ্তাহে ম্যানিলায় জোটের বার্…

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় হামলায় নয়জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসির রায়

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলা চালানোর দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে চালানো…

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য
আন্তর্জাতিক

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভ…

আন্তর্জাতিক

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন: জ্বালানি সংকট, দক্ষিণ চীন সাগর ও শুল্কযুদ্ধ এজেন্ডায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এ সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে যুক…