ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে মিছিলের আয়োজন ও গোপন বৈঠকের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে লালবাগ থানার আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা গত ১৩ নভেম্বর লালবাগ থানার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করেন এবং তাতে অংশ নেন।
গতকাল আজিমপুরে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠকের সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




