গাজীপুরের কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সরিয়ে নেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবারও (১৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেদিন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।




