…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

নিউইয়র্ক বা লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানো

নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্ক বা লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানো
ছবি: সংগৃহীত

বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণ পরিশোধের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য ‘সুকুকের’ মাধ্যমে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে।

আজ রোববার কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে দেশে এই প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, বেসরকারি খাত এত দিন মূলত ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তারা পুঁজিবাজারে যায়নি, বন্ডও ছাড়েনি। ফলে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ তৈরি হয়েছে। এ কারণে উচ্চ সুদে ঋণ নিতে গিয়ে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত করা হচ্ছে।

তানভীর গনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে চায় সরকার। নিউইয়র্ক বা লন্ডনের বাজারে এই বন্ড ছাড়া হতে পারে। তবে বন্ডের সুদহার কত হবে এবং কোন প্রক্রিয়ায় তা ছাড়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি; এ নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সম্মেলনের তিনটি মূল লক্ষ্যের মধ্যে বন্ড ও পুঁজিবাজারের সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, উপযুক্ত সময়ে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্যে ইউএস ডলার ইউরোবন্ড, সুকুক, জাপানের ‘সামুরাই বন্ড’ ও চীনের ‘পান্ডা বন্ড’ ছাড়ার উদ্যোগ নেওয়া হবে।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার সহজলভ্য করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেপি মরগানের ‘জিবিআই-ইএম এজ’ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানো হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন নিষ্পত্তি সহজ করতে আন্তর্জাতিক ক্লিয়ারিং হাউস ‘ইউরোক্লিয়ার’ ও ‘ক্লিয়ারস্ট্রিমের’ সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীর ভিত্তি শক্তিশালী করতে সুকুকের পাশাপাশি পরিবেশবান্ধব ‘গ্রিন বন্ড’ ও সমুদ্র অর্থনীতিভিত্তিক ‘ব্লু বন্ডের’ পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। স্থানীয় বন্ড বাজার আরও শক্তিশালী করতে পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘কত ঋণ নেওয়া হলো, তা নয়; ঋণ কতটা ভালোভাবে কাজে লাগানো হলো, সেটাই আসল।’

সংবাদ ব্রিফিংয়ে দেওয়া তথ্যে দেখা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেটঘাটতি মেটানো বন্ধ করায় সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে এবং সরকারের ঋণ নেওয়ার খরচ কমেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ২০২৫ সালের জুনে ছিল প্রায় ১২ শতাংশ। ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই সুদহার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। এখন সরকার মূলত দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে ঋণ নিচ্ছে।

বন্ড ও ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ঋণ প্রতিবেদন (ডেট রিপোর্ট) প্রকাশ এবং প্রাইমারি ডিলার (পিডি) ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ ছাড়া বাজারের অংশীজনেরা যাতে আগেভাগেই সরকারের ঋণ নেওয়ার পরিকল্পনা জানতে পারেন, সে জন্য প্রথমবারের মতো ‘বার্ষিক ঋণ পরিকল্পনা’ ও নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশ করা হচ্ছে।

ব্রিফিংয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ঋণ পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়। বলা হয়, ওই সময় সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩৬ শতাংশ। আগের দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। একই সময়ে সরকারকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের ঋণ ৭৩০ কোটি টাকা থেকে বেড়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় পৌঁছায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে এবং মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশে উঠেছিল। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া কমেছে; ২০২৬ সালের ৩০ জুন তা ৪৮২ কোটি টাকায় নেমে আসে, আর আইএমএফের হিসাবপদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অতীতে নেওয়া ঋণ এখন পরিশোধের সময় এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হচ্ছে। ২০২৯-৩০ অর্থবছরে এই ব্যয় সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে উঠবে। ঋণের টেকসই ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বাড়ানোই সবচেয়ে বড় সংস্কার বলে জানান তিনি; সে জন্য করজাল সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো আর ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন করা হচ্ছে। পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন, সমন্বিত ‘ডেট ম্যানেজমেন্ট অফিস’ (ডিএমও) গঠন ও ‘পাবলিক ডেট অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে।

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে এই সম্মেলন থেকে বাস্তবসম্মত সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সম্মেলনে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হবে বাংলাদেশ, জানালেন অর্থমন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের দুটি ও…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

রমজান উপলক্ষে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, মাল্টা-আপেলের করভার অর্ধেকে নামাল সরকার
অর্থনীতি ও ব্যবসা

রমজান উপলক্ষে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, মাল্টা-আপেলের করভার অর্ধেকে নামাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা এবং আপেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সচিবালয়ে মন…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকে না গিয়েই মিলবে জামানত ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের ই-ঋণ স্কিম হালনাগাদ

সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় স্বল্প সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…