দুই মাসের বিরতির পর ফের বাহরাইনে ইরানের ড্রোন হামলা, স্থবির যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা
দুই মাসের বিরতির পর ফের বাহরাইনের দিকে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববারের এই হামলা কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটল, এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে।
বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী রোববার কয়েকটি ‘ইরানি আকাশ হুমকি’ লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশেই ঠেকিয়ে দিয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও রোববার সকালে বাসিন্দাদের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে দুটি সতর্কবার্তা জারি করে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানি বাহিনী বাহরাইনের একটি বিমানঘাঁটির রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
উপসাগরীয় এই আরব দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌঘাঁটিও রয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এর দুই দিন আগেই মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা বাহরাইনের দিকে ইরানের ছোড়া দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে; সেই হামলায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্য, শুক্রবারের ওই হামলা ছিল ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে আগের মার্কিন হামলার প্রতিশোধ।
প্রায় দুই মাসের মধ্যে বাহরাইনকে লক্ষ্য করে এটাই প্রথম দফার হামলা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় আরব দেশগুলোর দিকে হাজার হাজার পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।
তবে দুই পক্ষ অচলাবস্থায় পৌঁছালে সেই হামলা ধীরে ধীরে থেমে গিয়েছিল। এখন শান্তি আলোচনা থমকে যাওয়ার মধ্যেই হামলা আবার শুরু হওয়ায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।



