দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা চুক্তি করল অস্ট্রেলিয়া ও ফিলিপাইন

অস্ট্রেলিয়া ও ফিলিপাইন রোববার একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে যৌথ টহল, সামরিক মহড়া ও দুর্যোগ ত্রাণ কার্যক্রম আয়োজন করা সহজ হবে বলে ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন।
ম্যানিলায় ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্তো তিওদোরো জুনিয়র ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মার্ক ইনেস-ব্রাউন চুক্তিটি স্বাক্ষর করেন। আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সফরে থাকা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই প্রতিরক্ষা সহযোগিতা ব্যবস্থা ১৯৯৫ সালের একটি চুক্তিকে হালনাগাদ করেছে। এটি ২০১২ সাল থেকে কার্যকর থাকা পৃথক সফরকারী বাহিনী চুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা ইতিমধ্যে দুই দেশের সেনাদের একে অন্যের ভূখণ্ডে প্রশিক্ষণের অনুমতি দেয়।
তিওদোরো বলেন, নতুন ব্যবস্থায় যৌথ কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া সহজ হবে। রয়টার্সের বরাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগে একটি কাজ করতে ১০০টি ধাপ লাগত, এখন লাগবে মাত্র ১০টি।’
তিনি বলেন, দুই দেশের নৌ, বিমান ও স্থলবাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতা ফিলিপাইনকে দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন হুমকি প্রতিরোধে সহায়তা করবে।
অস্ট্রেলিয়া জানিয়েছে, চুক্তিতে তথ্য ভাগাভাগি, সামরিক পরিকল্পনা ও প্রশিক্ষণ, সাগরে কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তিটি চীনকে মোকাবিলা করার উদ্দেশ্যে কি না—এমন প্রশ্নে আলবানিজ বলেন, ‘এটি কোনো একটি দেশের বিরুদ্ধে নয়। এটি প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সমর্থন করার বিষয়।’
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বেশির ভাগ বাণিজ্য দক্ষিণ চীন সাগর দিয়ে যায় এবং জাহাজ চলাচলের পথ খোলা রাখা গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়া তার দক্ষিণ-পূর্ব এশিয়া সামুদ্রিক অংশীদারত্ব কর্মসূচিতে অতিরিক্ত অর্থায়নেরও ঘোষণা দিয়েছে। আঞ্চলিক অংশীদারদের আকাশ ও পৃষ্ঠ ড্রোন, নিরাপদ যোগাযোগ সরঞ্জাম এবং সাগরে হুমকি ও সাইবার হামলা শনাক্ত ও মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হবে। ঘোষণায় অর্থের অঙ্ক জানানো হয়নি।
এই চুক্তির আগে ফিলিপাইন অংশীদারদের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ৯ নভেম্বর জাপান ৪৩০ কোটি ইয়েন (২ কোটি ৪০ লাখ ইউরো) অনুদানে ফিলিপাইনের সামরিক বাহিনীকে উপকূলীয় রাডার ও নজরদারি ড্রোন সরবরাহে সম্মত হয়। দেশটির চারপাশের জলসীমায় জাহাজ পর্যবেক্ষণে এই সরঞ্জাম ব্যবহার করা হবে।
১০ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে অস্ট্রেলিয়া, জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র ফিলিপাইনে একটি যৌথ সামরিক সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার অঙ্গীকার করে। তারা প্রতিরক্ষা বিনিয়োগের সমন্বয় ও যৌথ মহড়া সম্প্রসারণেও সম্মত হয়।
দক্ষিণ চীন সাগরে চীনের দাবির সঙ্গে ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের দাবি সাংঘর্ষিক। ম্যানিলার অংশীদারদের সঙ্গে যৌথ সামরিক কার্যক্রমের সমালোচনা করে বেইজিং আগে বলেছে, এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ে।
২০১৬ সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, সমুদ্র আইনসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে দেওয়া অধিকারের বাইরে গেলে সম্পদের ওপর ঐতিহাসিক অধিকারের চীনা দাবির কোনো আইনি ভিত্তি নেই। বেইজিং সেই রায় প্রত্যাখ্যান করে।




