চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় দম্পতির ভিডিও ছড়ানোর মামলায় দুই নির্মাণশ্রমিক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় দুই নির্মাণশ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্যজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার সাগর আলী (১৯) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। গতকাল বিকেলে উপজেলার শুকনাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ।
মামলার প্রধান আসামি একই এলাকার সাকিব আলী (২২)। তিনি আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর বাড়িতে নির্মাণকাজ করছিলেন সাকিব ও সাগর। এ সময় সাকিবকে নিজেদের বাড়িতে থাকার আশ্রয় দেয় পরিবারটি। পাশের ঘরে থাকার সুযোগে সাকিব দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরে সাকিব ও সাগর মিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাঁদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।


