প্রোটিন-ফাইবারে ভর করে পুরোনো ব্র্যান্ড বাঁচানোর লড়াইয়ে ক্রাফট হেইঞ্জ, বিনিয়োগ আরও ৭০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের পরিচিত প্যাকেটজাত খাবারের ব্র্যান্ডগুলোতে বড় ধরনের বদল আনছে ক্রাফট হেইঞ্জ। চিজি র্যামেন, প্রোটিনসমৃদ্ধ জেল-ও এবং স্যান্ডউইচের জন্য বিশেষভাবে কাটা গোল বেকনের মতো নতুন পণ্য আসছে বাজারে, যেগুলো আগামী বসন্তে দোকানের তাকে ওঠার কথা। পুরোনো ব্র্যান্ডগুলোতে নতুন প্রাণ ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্রাফট ম্যাক অ্যান্ড চিজের নতুন পণ্য ‘চিজি র্যামেন’ ২০২৭ সালের শুরুতে যুক্তরাষ্ট্রজুড়ে বাজারে আসবে। ইনস্ট্যান্ট নুডলস কাপগুলো পাওয়া যাবে স্পাইসি, চিকেন ও পর্ক—এই তিন স্বাদে, আর এতে কোনো কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভ বা রং থাকবে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। প্রায় ২০ বছরের মধ্যে ব্র্যান্ডটির এটাই প্রথম কোনো নতুন ক্যাটাগরিতে প্রবেশ।
প্রধান নির্বাহী স্টিভ কাহিলেন জানিয়েছেন, কানাডায় চালুর এক সপ্তাহের মধ্যেই এই র্যামেন বিক্রি শেষ হয়ে গিয়েছিল। এর আগে আনা প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ ‘পাওয়ারম্যাক’ পণ্যটি কয়েক বছরের মন্দার পর ব্র্যান্ডটিকে আবার বিক্রি বৃদ্ধির ধারায় ফিরতে সাহায্য করেছে বলেও তিনি জানান।
নতুন পণ্যের তালিকায় রয়েছে ১০ গ্রাম প্রোটিনযুক্ত জেল-ও পুডিং এবং ফাইবার ও প্রোটিন যোগ করা ক্রিস্টাল লাইট। অস্কার মেয়ারের ‘স্যান্ডউইচ বেকন’ও এই তালিকায় আছে, যা স্যান্ডউইচের উপযোগী করে গোল আকারে কাটা।
কাহিলেন বলেছেন, ‘এটি একটি বড় ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এই ব্র্যান্ডগুলোতে ১০ বছরের বেশি সময় ধরে বিনিয়োগ কম ছিল।’ তাঁর ভাষায়, প্রতিষ্ঠানটি ব্যবসায় অতিরিক্ত ৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে—বিপণন, দাম কমানো, কর্মী নিয়োগ ও পণ্য উন্নয়নে এই অর্থ ব্যয় হচ্ছে। এ ছাড়া ৪০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
কাহিলেন জানান, ২০২৭ সালের পণ্য পরিকল্পনার প্রায় অর্ধেকই হবে স্বাস্থ্য ও সুস্থতাকেন্দ্রিক—কম চিনি বা বেশি প্রোটিনযুক্ত পণ্য থাকবে সেখানে। তবে ঐতিহ্যবাহী হেইঞ্জ কেচাপ আগের মতোই হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ দিয়েই তৈরি হবে, কারণ আখের চিনি বেশি ব্যয়বহুল বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা দাবি করছি না যে আমাদের পুরো পণ্যসারির ১০০ শতাংশই আপনার বাড়ির বাগানে জন্মায়। আমরা দাবি করছি, স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রেও আমরা কাজ করতে পারি, এবং তা খুব ভালোভাবেই করতে পারি।’ স্বাদ ও সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছেন তিনি।
তবে চ্যালেঞ্জও কম নয়। অস্কার মেয়ারের মাংসজাত পণ্য ও ক্রাফট চিজ এখনো লড়াই করছে বলে জানিয়েছেন কাহিলেন, ফিলাডেলফিয়া ক্রিম চিজের বিক্রিও চাপে রয়েছে। বেগেলের মতো কার্বোহাইড্রেটনির্ভর খাবারের ওপর কম নির্ভরশীল ক্রিম চিজ পণ্য তৈরির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
আগামী বছর বিক্রি প্রায় স্থির থাকবে বলে আশা করছেন কাহিলেন; বিক্রি ও মুনাফার প্রবৃদ্ধিতে ফেরার সম্ভাব্য সময় হিসেবে তিনি ২০২৮ সালের কথা বলেছেন। একসময় প্রতিষ্ঠানটিকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা ছিল—বৈশ্বিক কন্ডিমেন্ট ব্যবসা ও উত্তর আমেরিকার মুদি ব্যবসা আলাদা করা—তবে কাহিলেন পরে সেই পরিকল্পনা স্থগিত করেছেন এবং বলেছেন, ভাগ হওয়া এখন আর অগ্রাধিকারে নেই।
কিছু বিশ্লেষক অবশ্য সংগ্রামরত ব্র্যান্ডগুলো ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সংশয়ী। টিডি কাউয়েনের বিশ্লেষক রব মস্কো বলেছেন, ‘নৌকায় অনেক ছিদ্র, একসঙ্গে অনেক প্লেট ঘোরাতে হচ্ছে। তারা সবকিছু কীভাবে সামলাবে, আমি নিশ্চিত নই।’ জবাবে কাহিলেন বলেছেন, একই সঙ্গে অনেক ক্যাটাগরিতে থাকাই চ্যালেঞ্জের অংশ—‘একবারে একটা করে সমস্যা সামলাতে হবে।’



