…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
ছবি: সংগৃহীত

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন।

সম্প্রতি ব্যাংকটির দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে মঙ্গলবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ব্যাংকটির গোপন প্রতিবেদন, ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী ও ব্যবসায়িক পরিকল্পনা। দুই শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক জোট এসব নথি বিশ্লেষণ করেছে।

অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকটির গুরুত্বপূর্ণ রুশ গ্রাহকদের মধ্যে ওলেগ দেরিপাস্কা ও ভিক্টর ভেকসেলবার্গের মতো ধনকুবেররাও ছিলেন, যাদের রাশিয়ার রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষমতাকাঠামোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

২০১৪ সালে ব্যাংকটির অভ্যন্তরীণ ঝুঁকি পর্যালোচনা কমিটি দেরিপাস্কাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রাহকদের একজন হিসেবে উল্লেখ করে, তার বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পর্কের অভিযোগের কথা জানায়।

এর ভিত্তিতে ব্যাংকের আর্থিক অপরাধ প্রতিরোধ বিভাগ দেরিপাস্কার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুপারিশ করেছিল। তবে ব্যবসায়িক বিভাগের যুক্তি ছিল, তিনি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার, শেষ পর্যন্ত ব্যবসায়িক স্বার্থকেই প্রাধান্য দেয় ব্যাংকটি।

২০১৫ সালের একটি অভ্যন্তরীণ উপস্থাপনায় রুশ ধনকুবেরদের ব্যাংকটির সাফল্যের গুরুত্বপূর্ণ অবদানকারী এবং সম্পদ ব্যবস্থাপনা বিভাগের টেকসই প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।

আগে ‘মিরর ট্রেডিং’ ঘটনায় মার্কিন ও ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাগুলো অভিযোগ করেছিল, ব্যাংকটির মাধ্যমে রুশ বিনিয়োগকারীরা প্রায় এক হাজার কোটি ডলার পর্যন্ত সন্দেহজনক লেনদেন করেছেন। ২০১৭ সালে কয়েক শ মিলিয়ন ডলার পরিশোধ করে সমঝোতায় পৌঁছায় ব্যাংকটি।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সাত ধনী শিল্পপতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, তাদের মধ্যে পাঁচজন সরাসরি অথবা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির গ্রাহক ছিলেন।

২০২০ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে নিযুক্ত বহিরাগত আইনজীবীরা রাশিয়াসংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিলেও ব্যাংকটি তা গ্রহণ করেনি, বরং ২০২১ সালের এপ্রিলে ব্যবস্থাপনা পর্ষদ মস্কোয় সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।

অনুসন্ধানে আরও দেখা যায়, ব্যাংকটি রুশ ধনকুবেরদের অনেক হিসাব সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গে স্থানান্তর করেছিল, যেখানে কঠোর ব্যাংকিং গোপনীয়তা আইনের কারণে বিদেশি কর্তৃপক্ষের কাছে তথ্য প্রকাশে আইনি বাধা তৈরি হয়। তবে এ সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই হিসাব স্থানান্তর করা হয়েছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি বলে অনুসন্ধানে বলা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর মার্কিন বিচার বিভাগ নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ গ্রাহকদের তথ্য চাইলে গোপনীয়তা আইন তথ্য সরবরাহে জটিলতা তৈরি করে। ওই বছরের ১০ মার্চ প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সিউইং রাশিয়ায় কিছু ব্যবসা বন্ধের কথা বললেও পুরোপুরি সরে না আসার কথা জানান, পরদিন ব্যাংকটি অবস্থান বদলে কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়।

ডয়চে ব্যাংক দাবি করেছে, তারা আইন মেনেই কার্যক্রম পরিচালনা করেছে, কোনো গ্রাহককে আর্থিক নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেনি এবং ইউক্রেন যুদ্ধের পর আরোপিত নিষেধাজ্ঞাগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…

অর্থনীতি ও ব্যবসা

যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা, অংশ নিলেন ৬২ কর্মকর্তা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ১৪ নভেম্বর যশোরের একটি হোটেলে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (AML/CFT) বিষয়ক কর্মশালার আয়োজন করে। ব্য…