…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

২৬ দিনে কুরিয়ার প্রতিষ্ঠানে ২০ হামলা, প্রথম ঘটনার তদন্তে শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম

নিজস্ব প্রতিবেদক
২৬ দিনে কুরিয়ার প্রতিষ্ঠানে ২০ হামলা, প্রথম ঘটনার তদন্তে শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম
ছবি: সংগৃহীত

‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় এভাবেই হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন।

এরপর রাত সাড়ে নয়টার দিকে কুরিয়ারটির আরেকটি গুদামে হামলা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে কুরিয়ারের গাড়িতে।

দুপুরে হামলার সময় দেওয়া হুমকিতে উল্লেখ করা ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে বলে জানিয়েছে কুরিয়ার প্রতিষ্ঠানটি।

এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে এ জে আর কুরিয়ারের ওপর প্রথম হামলার তদন্তে। পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের কেউ জিজ্ঞাসাবাদে ইমনের নাম বলেননি।

এদিকে রোববারের হামলাসহ গত ২৬ দিনে এ জে আর কুরিয়ারের গাড়ি, গুদাম ও কার্যালয়ে অন্তত ২০ বার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাও রয়েছেন।

এ জে আর কুরিয়ার কর্তৃপক্ষ জানায়, রোববার বেলা দেড়টার দিকে হাজারীবাগের গুদাম থেকে প্রতিষ্ঠানটির তিনটি গাড়ি একসঙ্গে যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরানীগঞ্জের উদ্দেশে রওনা হয়। মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ের পাশে বোড়ঘাট প্রথম সড়কে পৌঁছালে গাড়িগুলোর ওপর হামলা চালানো হয়। অন্তত ২০ জন এসে গাড়িগুলো লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন, ভাঙচুর করেন এবং চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন।

এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী রোববার বিকেলে বলেন, ‘হামলার নেপথ্যের ব্যক্তিদের গ্রেপ্তার না করায় বারবার একই ঘটনা ঘটছে। আমাদের কর্মী ও পরিবহনচালকেরা প্রতিনিয়ত ভয় নিয়ে কাজ করছেন।’ তিনি বলেন, রাতে আবারও তাঁদের কুরিয়ারের আরেক গুদামে হামলা হয়েছে। হামলাকারীরা প্রায় ৫০ জন ছিল। তারা গ্রাহকের মোটরসাইকেলসহ নানা পণ্য পুড়িয়ে দিয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম সন্ধ্যায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে তখন পর্যন্ত ভুক্তভোগীদের কেউ থানায় অভিযোগ করেননি।

গত ২০ অক্টোবর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের প্রধান গুদামে হামলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ওপর ধারাবাহিক আক্রমণ শুরু হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

মামলার তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা রোববার জানান, প্রথম হামলার ঘটনায় তদন্তে ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা ইমনের হয়ে কাজ করেন। তদন্তে উঠে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাফিজ কামাল ওরফে সানি, আলিফ হোসেন লাবিব, স্বপন মুন্সী, মো. মুন্না, মাহিদুল ইসলাম, মো. মাসুম হোসেন, রজিন, আপন ওরফে হোন্ডা আপন, ডায়মন্ড ওরফে আল আমিন, বেনকিউ হৃদয়, ফোকলা হৃদয়, বোচা সুমন, ডন সাগর, লাদেনসহ অনেকে।

৫ নভেম্বর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের মালামালবোঝাই একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ৭ নভেম্বর মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে ডিবির তেজগাঁও বিভাগ। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবু। গ্রেপ্তার অন্য সাতজন হলেন কামরুল হাসান আলমাস, মো. মমিন, নুরুজ্জামান, ইমরান মিয়া, সোহেল শেখ ওরফে হৃদয় ওরফে তাজ, ওবায়দুল্লাহ ওরফে শাহীন এবং আজহারুল ইসলাম জাকির। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ডিবি কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ৫ নভেম্বরের হামলা ও অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে আদালতে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। কেন তাঁরা হামলা করেছেন এবং এর নেপথ্যে কারা রয়েছেন, এসব প্রশ্নেরও সন্তোষজনক জবাব দিচ্ছেন না। ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ রোববার দুপুরে বলেন, কেন এবং কীভাবে একের পর এক হামলা হচ্ছে, তা তদন্ত করা হচ্ছে।

এ জে আর কর্তৃপক্ষের হিসাবে, ২৬ দিনে অন্তত ২০টি হামলায় প্রতিষ্ঠানটির ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন। আগুনে পুড়েছে গ্রাহকদের লাখ লাখ টাকার পণ্য। এসব ঘটনায় বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা, ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) ও ছয়টি অভিযোগ করা হয়েছে।

গত বৃহস্পতিবারও এক দিনে তিন জায়গায় হামলার শিকার হয় প্রতিষ্ঠানটির গাড়ি। ভোরে একটি কাভার্ড ভ্যান, রাত সাড়ে আটটায় দক্ষিণ যাত্রাবাড়ীতে আরেকটি গাড়ি এবং রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে কার্যালয়ের সামনে রাখা একটি গাড়িতে হামলা হয়। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রথম হামলার তদন্তে ইমনসহ ৪৩ জনের নাম পাওয়ার তথ্য সামনে এলেও ধারাবাহিক হামলার নির্দেশদাতা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর মধ্যেই রোববার আবারও হামলা হলো এবং হামলাকারীরা জানিয়ে গেলেন, ‘ভাইয়ের সঙ্গে কথা’ না বলে গাড়ি বের করলে আবারও হামলা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…