কর হিসাবরক্ষক পরীক্ষায় প্রথম হয়েও ধরা: গোপন ক্যামেরা আর কৃত্রিম বুদ্ধিমত্তায় নকলের স্বীকারোক্তি দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার সনদপ্রাপ্ত কর হিসাবরক্ষক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এক প্রার্থী স্বীকার করেছেন, তিনি গোপন ক্যামেরা, মুঠোফোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করেছেন। হান ওন-সোক নামের ৩৪ বছর বয়সী এই প্রার্থীর এই স্বীকারোক্তি দেশটির পরীক্ষাব্যবস্থা নিয়ে বড় বিতর্ক তৈরি করেছে।
হান তাঁর আইনজীবী লি দন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নকলের কথা স্বীকার করেন। তিনি জানান, তিনি সিউল মহানগর পুলিশ সংস্থার কাছেও স্বীকারোক্তি দিয়েছেন এবং কীভাবে নকল করেছেন, তার বিবরণ দিয়েছেন।
প্রথম পর্বের পরীক্ষায় হান ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পেয়েছিলেন; ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হয়েছিল তাঁর। প্রায় নিখুঁত এই ফলাফলই প্রথমে সন্দেহ তৈরি করে এবং অনলাইনে জল্পনা শুরু হয়।
ভিডিওতে হান বলেন, ‘আমি কর হিসাবরক্ষক পরীক্ষার প্রথম ও দ্বিতীয়—দুই পর্বেই ইলেকট্রনিক যন্ত্র ও জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করেছি। আমি একটি অতি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতাম, তারপর স্মার্টফোনে উত্তর যাচাই করতাম।’
অভিযোগ ওঠার শুরুতে হান নকলের কথা অস্বীকার করেছিলেন। তাঁর ভাষ্য, দ্বিতীয় স্থান পাওয়া প্রার্থীর অনুভূতির কথা ভেবে তিনি মন বদলান। সৎভাবে উত্তীর্ণ অন্য প্রার্থীদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, তাঁর কারণে অন্য সফল প্রার্থীরাও সন্দেহের মুখে পড়ছেন। হান জানান, টাকা রোজগার আর বাবা-মায়ের গর্বের মতো একটি চাকরি পেতেই তিনি নকল করেছিলেন।
হানের স্বীকারোক্তির পর দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এবং মানবসম্পদ উন্নয়ন সেবা জরুরি বৈঠক করেছে। প্রেসিডেন্টের নীতিবিষয়ক প্রধান হা জুন-কিয়ুং বলেছেন, নকল ঠেকাতে নতুন ব্যবস্থা আনা হবে এবং ‘অতীতের অপরাধ’ শেষ পর্যন্ত খুঁজে বের করে ধরা হবে। সরকার জানিয়েছে, এআই ব্যবহার করে নকলকারীদের যোগ্যতা বাতিল করা হবে এবং পাঁচ বছর পরীক্ষা দেওয়া নিষিদ্ধ থাকবে।
সিউল মহানগর পুলিশ সংস্থা দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপকে রোববার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। সংস্থাটি বলেছে, ‘আজ সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে কর হিসাবরক্ষক পরীক্ষায় নকলসংক্রান্ত একটি লিখিত স্বীকারোক্তি আমরা পেয়েছি।’ মামলাটি এখন তদন্তকারীদের হাতে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় প্রমিত জাতীয় পরীক্ষাগুলো পেশাজীবনের গতিপথে অসামান্য ভূমিকা রাখে, তাই এসব পরীক্ষার ফলাফল এবং তা অসৎভাবে বাড়ানোর চেষ্টা অত্যন্ত গুরুত্ব পায়। এই কেলেঙ্কারি এমন সময়ে এল, যখন মাত্র কয়েক দিন পরই দেশটির বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এআই চশমা ব্যবহার করে নকলের একের পর এক ঘটনায় দেশটির বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়গুলো প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। গত মাসে সিউলের দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এআই চশমা দিয়ে নকলের চেষ্টার অভিযোগ ওঠে দুই আবেদনকারীর বিরুদ্ধে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও এআই চশমা দিয়ে নকলের চারটি ঘটনা ঘটেছে।




