সাইবার হামলার তদন্তে অস্ট্রেলিয়ার সুপারমার্কেট জায়ান্ট কোলস, গ্রাহকদের পাসওয়ার্ড বদলের পরামর্শ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা কোলস জানিয়েছে, তাদের ব্যবস্থায় একটি সাইবার হামলার ঘটনা ঘটেছে এবং তারা বিষয়টি তদন্ত করছে। সোমবার সকালে প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করে।
স্টক এক্সচেঞ্জে দেওয়া বিবৃতিতে কোলস গ্রুপ লিমিটেড বলেছে, ‘কোলস গ্রুপ লিমিটেড বর্তমানে একটি সাইবার নিরাপত্তা ঘটনার তদন্ত করছে।’ তদন্তে সহায়তা করছে অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার এবং বৈশ্বিক নিরাপত্তা বিশেষজ্ঞরা।
প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহক, কর্মী বা সরবরাহকারীদের কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে হামলায় কোনো তথ্য চুরি বা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোলস জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং গ্রাহকেরা দোকানে ও অনলাইনে আগের মতোই কেনাকাটা করতে পারছেন।
অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে সাইবার ঘটনা বাড়তে থাকার এই সময়ে উদ্বেগের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কোলস। প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহক ও সরবরাহকারীদের অ্যাকাউন্ট রক্ষায় তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তারা ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
গ্রাহকদের নিয়মিত শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টের পাসওয়ার্ড হালনাগাদ করার এবং একই পাসওয়ার্ড একাধিক সেবায় ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কোলস।
কোলসের নাম করে আসা অপ্রত্যাশিত ইমেইল বা এসএমএস বার্তার বিষয়ে সতর্ক থাকতে এবং সেগুলোর কোনো লিংকে ক্লিক না করতেও গ্রাহকদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।




