কারিগরি ত্রুটিতে মাঝপথে বাতিল মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা, বিপাকে শত শত শিক্ষার্থী

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সোমবার সকালে ফাইনাল পরীক্ষা মাঝপথে ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ অনেকে পরীক্ষা শুরু করার জন্য প্রয়োজনীয় ডিজিটাল প্ল্যাটফর্মেই ঢুকতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জল স্কোবি সোমবার তাঁর অস্ট্রেলিয়ান পলিটিকস পরীক্ষায় বসার কথা ছিল; কয়েক সপ্তাহ ধরে তিনি এর প্রস্তুতি নিয়েছিলেন। বছরের শুরুতে তাঁকে বলা হয়েছিল পরীক্ষাটি হবে হাতে লেখা রচনা, পরে শিক্ষকেরা সেটি বদলে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার সিদ্ধান্ত নেন।
কার্লটনের রয়েল এক্সিবিশন বিল্ডিংয়ে সোমবার কয়েকটি বিষয়ের পরীক্ষা চলছিল, যেখানে শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্কোবি জানান, প্রায় অর্ধেক শিক্ষার্থী ডিজিটাল সিস্টেমে লগ ইন করে পরীক্ষা শুরু করতে পেরেছিলেন, কিন্তু বাকি অনেকেই প্রায় ৫০ মিনিট ধরে ফাঁকা স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের ডেস্কে বসে ছিলেন।
অস্ট্রেলিয়ান পলিটিকস পরীক্ষায় শিক্ষার্থীদের দুই ঘণ্টায় ১ হাজার শব্দের দুটি রচনা লিখতে হতো।
স্কোবি বলেন, পরীক্ষা সমন্বয়কারীরা শেষ পর্যন্ত জানান, ‘শুনুন, আমরা এটা চালু করতে পারছি না। সবার চলে যাওয়ার সময় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা দাঁড়িয়ে দেখছিলাম, শত শত শিক্ষার্থী ভবন থেকে বেরিয়ে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, কারিগরি সমস্যার কারণে ১১ ও ১৬ নভেম্বর—দুই দিনই ‘অল্পসংখ্যক’ পরীক্ষা বাতিল হয়েছে। মুখপাত্র বলেন, ‘প্রাথমিক ইঙ্গিত হলো, সমস্যাটি আমাদের ডিজিটাল পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত তৃতীয় পক্ষের কারিগরি অংশীদারদের সঙ্গে সম্পর্কিত। আমাদের দলগুলো প্রতিষ্ঠিত আপৎকালীন প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানাচ্ছে।’
মুখপাত্র আরও বলেন, ‘পরীক্ষায় বিঘ্ন ঘটলে শিক্ষার্থীদের জন্য তা মানসিক চাপের হতে পারে—আমরা তা বুঝি, এবং প্রয়োজনে সহায়তার জন্য আমাদের সাপোর্ট সার্ভিস রয়েছে।’
কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং শুক্রবারের আগে তাঁরা পুনরায় পরীক্ষা (মেকআপ) দিতে পারবেন কি না—এসব প্রশ্নের জবাব বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে দেয়নি।
আরেক প্রথম বর্ষের শিক্ষার্থী মিলি মাউন্টফোর্ড বলেন, পুনরায় পরীক্ষা কবে হবে সে বিষয়ে যোগাযোগ খুবই সীমিত। আগামী দিনগুলোতে আরও হাজার হাজার শিক্ষার্থী নিজেদের পরীক্ষায় বসবেন; মাউন্টফোর্ডের নিজেরই আগামীকাল আরেকটি পরীক্ষা আছে, সেটি নির্বিঘ্নে হবে কি না তিনি জানেন না। তিনি বলেন, ‘পরীক্ষাটা আদৌ কাজে আসবে কি না তা-ই যখন জানি না, তখন পড়াশোনা করার আগ্রহই পাই না। এটা সত্যিই বড় অসুবিধা।’
শার্লট উইকহ্যাম বলেন, বাতিল হওয়া পরীক্ষার কারণে ছুটির বিরতিতে তাসমানিয়ায় পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে, কারণ ফ্লাইটের খরচ বেশি এবং শেষ মুহূর্তে ফ্লাইট বদলানোর সুযোগ সীমিত। তিনি বলেন, ‘আসল চাপটা হলো এটা না জানা যে পরীক্ষাগুলো সম্পূরক (সাপ্লিমেন্টারি) সময়ের জন্য পুনঃনির্ধারণ করা হবে কি না। আমরা নির্দিষ্ট প্রশ্নের জন্য পড়াশোনা করেছি, এখন দীর্ঘ অপেক্ষা। জীবনের পরিকল্পনা আমরা করে ফেলেছি, অথচ এগুলো মাথার পেছনে রেখেই চলতে হচ্ছে। প্রশ্ন বদলে গেলে আবার পড়তে হবে কি না?’
এই ঘটনার আগের প্রেক্ষাপট হলো, অক্টোবরে ন্যাশনাল টারশিয়ারি এডুকেশন ইউনিয়ন একাডেমিক কর্মভার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুরক্ষা ও ন্যায্য বেতন নিয়ে সদস্যদের উদ্বেগের কারণে ২৪ ঘণ্টার ধর্মঘট ও চার দিনের শিক্ষাদান বর্জনের আয়োজন করেছিল। নভেম্বরের শুরুতে সদস্যরা এসব উদ্বেগের কয়েকটি মোকাবিলায় প্রস্তাবিত নতুন এন্টারপ্রাইজ চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দেন।
গত সপ্তাহে দি এজ পত্রিকা জানিয়েছিল, ‘হতাশাজনক’ আর্থিক ফলাফলের পর মেলবোর্ন বিশ্ববিদ্যালয় মূলত অনাকাডেমিক কর্মীদের মধ্যে প্রায় ১৮০টি চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।




