সিরাজগঞ্জের তাড়াশে চেকপোস্টে ধাওয়া করে ইয়াবা ও চাকুসহ নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের চেকপোস্টে ধাওয়া করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক নারীকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো রোববার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল।
এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু তিনি না থেমে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।



