…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ভারতে ভোটার তালিকা থেকে কোটি নাম বাদ, আটক আর দেশান্তরের মুখে মুসলিম পরিবারগুলো

নিজস্ব প্রতিবেদক

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির কয়েকজন মুসলিম নাগরিক আটক, জিজ্ঞাসাবাদ ও দেশান্তরের মুখে পড়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কারও কারও পরিবারের অন্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও নিজেদের নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের।

গত ১৯ জুলাই মুম্বাইয়ে নিজের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। ছেলেকে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার কথা বললেও তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে, তিনি আর বাড়ি ফেরেননি।

সাহিদা বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর দাবি, সাদা পোশাকে থাকা কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করে সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যান; ওই ফোনে তাঁর পরিচয়সংক্রান্ত নথির কপি ছিল। পরে তাঁকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়।

আদালতের নথিতে দেখা গেছে, ওই অভিযানে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা জড়িত ছিলেন।

রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের অভিজ্ঞতাতেও একই ধরনের ঘটনা উঠে এসেছে—ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের স্বজনদের আটক, দেশান্তর কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বাদ পড়াদের মধ্যে মুসলিমদের অনুপাত তুলনামূলক বেশি।

পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ গেছে। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিস্তারিত যাচাই করা বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের, অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

ভোটার তালিকা সংশোধন ও বিতাড়ন অভিযানের মধ্যে যোগসূত্রের কথা প্রকাশ্যেই তুলে ধরেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিজেপির অঙ্গীকার হলো ‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং একে একে তাদের দেশ থেকে বহিষ্কার করা’ হবে।

সাহিদার পরিবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি নাগরিক নন। পরিবারের নথি অনুযায়ী, তাঁর বাবা-মা ও দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই ভারতের ভোটার তালিকায় রয়েছে।

পশ্চিমবঙ্গের বাসিন্দা নাসিরউদ্দিন শেখও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক হন। তাঁর দাবি, পুলিশ তাঁকে বাংলাদেশি বলে আটক করেছিল। পরে ৩২ দিন কারাগারে থাকার পর তিনি মুক্তি পান।

মানবাধিকারকর্মীরা বলছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন বিচারাধীন থাকলেও ট্রাইব্যুনালগুলোতে শুনানি অত্যন্ত ধীরগতিতে চলছে। ফলে অনেক মানুষ নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…