পল্লবীতে শিশু রামিসা হত্যা: হাইকোর্টে আসামিপক্ষের শুনানি, ‘স্বামীর ভয়ে সহযোগিতা করেন স্বপ্না’
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে এখন আসামিপক্ষের শুনানি চলছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই শুনানি চলছে। আসামিপক্ষে শুনানি করছেন স্টেট ডিফেন্সের আইনজীবী হাফিজুর রহমান খান।
এর আগে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী।
শুনানিতে আসামিপক্ষের যুক্তি, স্বপ্না খাতুন তাঁর স্বামী সোহেল রানাকে অনেক ভয় পেতেন; এ কারণেই তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডে সোহেল রানাকে সহযোগিতা করেন।
মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় আসার প্রায় তিন মাস পর শুনানি শুরু হয়েছে।
চলতি বছরের ১৯ মে পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একই সঙ্গে দণ্ডের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানিও চলছে।



