হাতকড়া-হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান, শাপলা চত্বর মামলায় আসামিপক্ষের শুনানি
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে তাঁকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই সমাপ্ত হয়েছে। আজ আসামিপক্ষের শুনানি চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হচ্ছে। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রপক্ষে শুনানি সমাপ্ত করে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছিলেন। আজ আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।
মামলাটিতে শেখ হাসিনাসহ সর্বমোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ও অবশিষ্ট ৩০ জন পলাতক আছেন।
কারাবন্দি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুর রাজ্জাক ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদী।
তাহসিনা রুশদী সে সময় প্রশ্ন তুলেছিলেন, জিয়াউল আহসানকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে কি না। তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেছিলেন, এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।



