ঝিনাইদহের বারোবাজার স্টেশনে গভীর রাতে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা রেলকর্মীদের

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরলেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়।
স্টেশন মাস্টার বলেন, হামলার সময় অফিসকক্ষের ভেতরে কর্মচারীরা ছিলেন। তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। স্টেশন মাস্টারসহ কক্ষে থাকা তিন রেলকর্মী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
মোবাশ্বের হোসেন আরও বলেন, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



