লাগোস বিমানবন্দরে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ মার্কিন বাস্কেটবল খেলোয়াড় গ্রেপ্তার

নাইজেরিয়ার লাগোসের প্রধান বিমানবন্দরে লাগেজে ৩৩ দশমিক ৯৫ কেজি (৭৫ পাউন্ড) গাঁজাসহ একজন পেশাদার মার্কিন বাস্কেটবল খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির মাদক আইন প্রয়োগকারী সংস্থা (এনডিএলইএ) খেলোয়াড়টিকে গ্রিন ডা'মন্টে খিরি নামে শনাক্ত করেছে। তাঁর বয়স ২৮ বছর, তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। সংস্থাটি জানিয়েছে, তিনি সংযুক্ত আরব আমিরাত হয়ে থাইল্যান্ড থেকে নাইজেরিয়ায় এসেছিলেন।
সংস্থাটি রোববার এক বিবৃতিতে জানায়, বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের কর্মকর্তারা লক্ষ্য করেন, তিনি চেক-ইন করা দুটি ব্যাগ ফেলে রেখে শুধু হাতব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই তাঁকে আটক করা হয়।
এনডিএলইএ জানায়, তাঁর নাম লেখা দুটি ব্যাগে ‘লাউড’ নামে পরিচিত শক্তিশালী জাতের গাঁজার ৩২টি প্যাকেট পাওয়া গেছে। ব্যাগগুলো থেকে একটি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়েছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে পেশাদার বাস্কেটবল খেলছিলেন এবং ক্যারিয়ারের জন্য যোগাযোগ গড়তে নাইজেরিয়া সফরে এসেছিলেন। অভিযোগের বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এনডিএলইএ আরও জানিয়েছে, অভিযুক্তের ফোন পরীক্ষা করে মাদক পাচারের কর্মকাণ্ড সম্পর্কে তাঁর জ্ঞান ও সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে।
আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফিবা) ডামন্টে গ্রিন নামে একজন খেলোয়াড়ের তালিকা রেখেছে, যার সর্বশেষ উপস্থিতি ছিল ২৬ সেপ্টেম্বর থাইল্যান্ডের ফুকেট এলিট কাপে।
জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, একসময় মূলত মাদক পাচারের ট্রানজিট কেন্দ্র হিসেবে পরিচিত নাইজেরিয়া ক্রমেই অবৈধ মাদকের উৎপাদক, ভোক্তা ও পরিবেশকে পরিণত হচ্ছে। সম্প্রতি এনডিএলইএর অভিযানে শিল্প পর্যায়ের বেশ কয়েকটি মেথামফেটামিন গবেষণাগার উন্মোচিত হয়েছে।
গত সেপ্টেম্বরে সংস্থাটি জানায়, তারা একটি মেথ গবেষণাগার ধ্বংস করেছে এবং লাগোস হয়ে নাইজেরিয়া থেকে পালানোর চেষ্টা করা এক মেক্সিকান সন্দেহভাজন মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে। এর আগে আগস্টে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়; কর্তৃপক্ষ তখন যুক্তরাজ্যের উদ্দেশে পাঠানোর জন্য রাখা প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার মূল্যের কোকেন জব্দ করেছিল।




