পাঁচ ধাপে হবে ৪ হাজার ২৮৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন, বৃহস্পতিবার প্রকাশ পাচ্ছে তালিকা

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ২৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) ইসির চলমান বৈঠক থেকে এ তথ্য জানা গেছে। কোন ইউনিয়ন পরিষদে কবে নির্বাচন হবে, তা আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে; কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা চলছে। চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল দাবি জানায়নি বলেও জানায় ইসি।
ইসি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।



