আর্মি আইবিএর জাতীয় আয়োজনে কমিউনিটি পার্টনার সাভার বন্ধুসভা, চলল সদস্য নিবন্ধন

সাভারের আর্মি আইবিএ লিটারেচার অ্যান্ড ডিবেটিং ক্লাবের জাতীয় ইভেন্টে কমিউনিটি পার্টনার হিসেবে অংশ নিয়েছে সাভার বন্ধুসভা। ১৪ নভেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেওয়ার মাধ্যমে বন্ধুসভার সদস্যরা সদস্য সংগ্রহ, সাহিত্য ও বিতর্কচর্চার প্রসার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
আয়োজনে সাভার বন্ধুসভার পক্ষ থেকে একটি বিশেষ স্টল স্থাপন করা হয়। স্টলটির মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়।
স্টলের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে পরিচালিত হয় বিশেষ সদস্য নিবন্ধন ক্যাম্পেইন। এর মাধ্যমে তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক আর্মি আইবিএ লিটারেচার অ্যান্ড ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিচারিক দায়িত্ব পালন প্রতিযোগিতাটিকে আরও সমৃদ্ধ করেছে বলে আয়োজনে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সাভার বন্ধুসভার জন্য ছিল বিশেষ সম্মাননা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সেরা বন্ধুসভা’ হিসেবে অর্জিত ক্রেস্টটি পুনরায় সাভার বন্ধুসভার প্রতিনিধিদের হাতে তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
১৪ নভেম্বরের এই জাতীয় ইভেন্টে কমিউনিটি পার্টনার হিসেবে অংশগ্রহণের মধ্য দিয়ে সাভার বন্ধুসভা শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন সদস্যদের সংগঠনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত করার কাজ করেছে।




