আফ্রিকার পাচার হওয়া সোনার রুট আমিরাত, এক বছরে গেছে ৬৫১ টন: সুইসএইড

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চোরাচালানের মাধ্যমে পাচার করা এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে উত্তোলিত অন্তত ৬৫১ টন সোনা ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাচার করা হয়েছে। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৪০০ কোটি ডলার। গত ১২ নভেম্বর সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সহযোগিতা সংস্থা সুইসএইড প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণার সহলেখক মার্ক উমেল বলেন, ‘গবেষণার ফলাফল গভীর উদ্বেগজনক। এতে দেখা যাচ্ছে, চোরাচালানের মাধ্যমে পাচার করা এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে আসা সোনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত এখনো অবস্থান করছে।’ মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম দ্য ক্রেডলের খবরে তাঁর এই মন্তব্য উল্লেখ করা হয়েছে।
সোনার উৎস শনাক্তকরণ, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ জোরদার করতে ২০২৩ সালের জানুয়ারিতে ‘রেসপনসিবল গোল্ড সোর্সিং ডিউ ডিলিজেন্স রেগুলেশনস’ চালু করে আবুধাবি। তবে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পরিচালিত ৫২টি পর্যালোচনার মাত্র দুটিতে আমিরাতের সোনার শোধনাগারগুলোকে ‘সম্পূর্ণ নিয়ম মেনে চলা প্রতিষ্ঠান’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
সুইসএইডের মতে, আইন প্রয়োগ ও নজরদারির ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার কারণেই দেশটিতে অবৈধ সোনার প্রবাহ অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাচার হওয়া সোনার মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল প্রায় ৫০০ টন। এসব সোনার আনুমানিক মূল্য ৫ হাজার ৬৭০ কোটি ডলার। এ ছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া, ইয়েমেন ও সুদান থেকে এসেছে অন্তত ১৯২ টন সোনা।
নতুন বিধিনিষেধ চালু করা হলেও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে চোরাচালানের মাধ্যমে সোনা প্রবেশের পরিমাণ কমেনি। বরং তা সামান্য বেড়েছে বলে জানিয়েছে সুইসএইড। সংস্থাটির গবেষণায় আরও উঠে এসেছে, আফ্রিকার বিভিন্ন দেশে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সোনার প্রধান গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাত অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর সোনা বাজারজাত করার ক্ষেত্রেও দেশটি অন্যতম প্রধান কেন্দ্র।
সুইসএইডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যাওয়া সোনার মধ্যে ৪০ টনেরও বেশি সুদান থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল। সুদানের দারফুর অঞ্চলে উত্তোলিত সোনা বিভিন্ন আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মাধ্যমে দুবাইয়ে পৌঁছায়।
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকা দেশগুলোর জন্য নির্ধারিত ‘গ্রে লিস্টে’ সংযুক্ত আরব আমিরাতকে পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সুইসএইড। এ জন্য সংস্থাটি ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) প্রতি আহ্বান জানিয়েছে।




