অক্টোবরে ভ্যাট আদায়ে রেকর্ড এনবিআরের এলটিইউর, আদায় ৮ হাজার ৫২৬ কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন কর (ভ্যাট)। মাসটিতে ইউনিটটি মোট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা বিগত কয়েক বছরের একই মাসের আদায়ের তুলনায় সর্বোচ্চ। সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের একই মাসে আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা এবং প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের পূর্ববর্তী মাসগুলোতে রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি বিরাজ করলেও অক্টোবর মাসে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আদায়ের পরিমাণ গত কয়েক বছরের একই মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সত্ত্বেও অক্টোবর পর্যন্ত নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সংস্থাটি। এ সময়ের জন্য নির্ধারিত ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা কম আদায় হয়েছে।
এলটিইউ ভ্যাটের বিগত অর্থবছরগুলোর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর মাসে ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের অক্টোবরের ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকার আদায়ই এই বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।


