ডেলাওয়্যারে বিরল নভেম্বর টর্নেডো, আর্জেন্টিনায় বেসবল-আকারের শিলাবৃষ্টি; বঙ্গোপসাগরে নিম্নচাপ

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) নিশ্চিত করেছে, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্কের দক্ষিণ-পূর্বে সালেম উডস এলাকায় বৃহস্পতিবার একটি ইএফ১ মাত্রার টর্নেডো আঘাত হেনেছে। নভেম্বর মাসে এই অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানার ঘটনা বিরল।
টর্নেডোটি ছিল ১৬০ মিটার চওড়া, এর গতিপথের দৈর্ঘ্য ছিল ৪ দশমিক ৪ মাইল বা ৭ দশমিক ১ কিলোমিটার এবং আনুমানিক সর্বোচ্চ বাতাসের গতিবেগ পৌঁছায় ঘণ্টায় ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার পর্যন্ত।
এই টর্নেডোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি বাড়ির জানালা ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি বড় হোটেলের সাইনবোর্ড ভেঙে পড়ে কয়েকটি গাড়ির ওপর এবং আই৯৫ মহাসড়কে একটি সেমি ট্রাক উল্টে যায়।
ডেলাওয়্যারে সাধারণত প্রতি বছর কয়েকটি টর্নেডো দেখা গেলেও ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে নভেম্বর মাসে অঙ্গরাজ্যটিতে টর্নেডো সক্রিয়তার ঘটনা এ নিয়ে মাত্র দ্বিতীয়বার। এর আগে একমাত্র নভেম্বরের টর্নেডোটি রেকর্ড হয়েছিল ১৯৮৯ সালে।
তীব্র ঝড়ের কারণে আর্জেন্টিনাতেও টর্নেডো এবং বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোবা প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র বজ্রঝড়ে বেসবলের আকারের — প্রায় ৭ দশমিক ৫ সেন্টিমিটার ব্যাসের — শিলা পড়ে। শনিবার ভোর পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় প্রদেশটির বিভিন্ন অংশে ৭৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বছরের এই সময়ে সেখানে এ ধরনের ঝড় সাধারণ ঘটনা; আমাজন থেকে আসা জলীয় বাষ্প আন্দিজের সঙ্গে মিলিত হয়ে দ্রুত ঘনীভূত হয় এবং ভারী বর্ষণ, বজ্রপাত, টর্নেডো ও বড় শিলাবৃষ্টিসহ বিশাল মেঘমালা তৈরি করে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে অবস্থানরত একটি নিম্নচাপের বিষয়ে সতর্কতা জারি করেছে, যার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোরের দিকে একটি লঘুচাপ তৈরি হয়, যা রোববার নিম্নচাপে পরিণত হয়। বিভাগটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়ে ঘনীভূত হয়ে ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে ভারতের পূর্বাঞ্চলের দিকে এগোতে পারে এবং বৃহস্পতিবার স্থলভাগে আঘাত হানতে পারে। ঝড়টি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি হবে মৌসুমের তৃতীয় ঝড় এবং এর নাম হবে ‘আকভান’। বুধবার ও বৃহস্পতিবার পূর্ব উপকূলের বড় অংশে ‘ওয়াচ’ পর্যায়ের সতর্কতা রয়েছে, আর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের বিভিন্ন অংশে রয়েছে ‘অ্যালার্ট’ পর্যায়ের সতর্কতা।




