গাজায় দ্রুত মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার আহ্বান যুক্তরাজ্য ও মিত্রদের

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, যেন পুরো গাজাজুড়ে অবিলম্বে, দ্রুত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিবৃতিতে দেশগুলো বলেছে, মাঠপর্যায়ের পরিস্থিতি ‘ভয়াবহ’।
চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন, সাম্প্রতিক বন্যা যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে ‘আরও দুর্ভোগ’ ডেকে এনেছে; সম্প্রতি সেখানে শীতের প্রথম ঝড় বয়ে গেছে। এই মাসের শুরুর দিকে একটি ভারী ঝড়ে তাঁবু ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক বন্যা দেখা দেয়।
বিবৃতি অনুযায়ী, সীমান্তে ১ লাখ ৫০ হাজার তাঁবুসহ অন্যান্য জরুরি সরবরাহ আটকে রাখা হয়েছে।
গাজার প্রবেশপথগুলো নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ বলেছে, তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অব পিস ও জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে একটি শীতকালীন পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ৯৩ হাজার তাঁবু ও শীতকালীন সরবরাহসহ ৮ হাজার ৬০০ সহায়তা ট্রাক ভূখণ্ডটিতে প্রবেশ করেছে। কর্তৃপক্ষ আরও বলেছে, হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণের পরই কেবল পুনর্গঠন শুরু হতে পারে।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, ব্যাপক বন্যা ও একটি ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, হাজার হাজার আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি সেবা কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।
ব্রিটিশ, অস্ট্রেলীয়, কানাডীয় ও ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিস্থিতি পুরোপুরি প্রত্যাবর্তনযোগ্য — এবং শীত পুরোপুরি নেমে আসার আগেই পদক্ষেপ নেওয়ার সময় এখনো আছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রবেশপথগুলো খুলে দিতে হবে এবং তাঁবুগুলোকে ঢুকতে দিতে হবে। মানবিক কার্যক্রম ও প্রাথমিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় দ্বৈত-ব্যবহারের পণ্যগুলোকে দেরি হওয়ার আগেই প্রবেশের অনুমতি দিতে হবে।’
শনিবার ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের বিবৃতি দিয়েছে। ‘স্থায়ী ও বিধ্বংসী মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করে এই পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ পুনর্ব্যক্ত করেছে ইইউ। আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতিও আহ্বান জানিয়েছে জোটটি।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজার যুদ্ধের সূত্রপাত হয়; ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যাতে গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৭৪ হাজার ৬৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন; জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। গত অক্টোবরে সম্মত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা ও অন্যান্য হামলা প্রায় প্রতিদিনই চলছে।




