…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার সড়ক সুড়ঙ্গ বানাচ্ছে নরওয়ে, কমবে ফেরিনির্ভরতা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক সুড়ঙ্গ নির্মাণ করছে নরওয়ে। দেশটির পশ্চিম উপকূলে নির্মাণাধীন এই সুড়ঙ্গটি ২৭ কিলোমিটার দীর্ঘ হবে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার বা ১ হাজার ২৮৬ ফুট গভীরে নির্মিত হবে। সুড়ঙ্গটির নাম রাখা হয়েছে ‘রগফাস্ট’।

নরওয়ের রগাল্যান্ড অঞ্চলের নাম এবং দেশটির ভাষায় স্থায়ী সংযোগ বোঝাতে ব্যবহৃত শব্দের সমন্বয়ে ‘রগফাস্ট’ নামটি রাখা হয়েছে। সুড়ঙ্গটি চালু হলে কয়েকটি বড় শহরের মধ্যে যাতায়াতের সময় কমবে এবং এটি ফেরিনির্ভরতা ছাড়াই পশ্চিম উপকূলজুড়ে সড়ক যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনার অংশ হবে।

সুড়ঙ্গটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে। তবে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে কাজ বন্ধ হয়ে যায়। সে সময় আগের নির্মাণচুক্তি বাতিল করে প্রকল্পটি নতুনভাবে সাজানো হয়। ২০২১ সালের শেষ দিকে আবার কাজ শুরু হয়। প্রায় ২৫ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার বা ২৪০ কোটি ডলার ব্যয়ে ২০৩৩ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নির্মাণকাজে যুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান স্কানস্কার প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন বলেন, সুড়ঙ্গটি চালু হলে নরওয়ের পশ্চিম উপকূলে যোগাযোগব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। স্টাভাঙ্গার ও হাউগেসুন্দ অঞ্চলের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে। বর্তমানে ফেরিতে করে যাতায়াত করতে হয় এমন পথে সুড়ঙ্গটি চালু হলে বার্গেন ও স্টাভাঙ্গার শহরের মধ্যে ভ্রমণের সময় প্রায় ৪০ মিনিট কমবে এবং নিয়মিত যাতায়াতও সহজ হবে।

সুড়ঙ্গটিতে পাশাপাশি দুটি পৃথক পথ থাকবে। প্রতিটি পথে যানবাহন চলাচলের জন্য থাকবে দুটি করে লেন। এর মাঝামাঝি অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে নির্মাণ করা হবে দুটি গোলচত্বর। সেখান থেকে একটি সংযোগ সুড়ঙ্গ দিয়ে যাওয়া যাবে নরওয়ের সবচেয়ে ছোট পৌর এলাকা কভিতসয় দ্বীপে।

এত দীর্ঘ সুড়ঙ্গ সমুদ্রের নিচে নির্মাণে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। সময় বাঁচাতে দুই প্রান্ত থেকে একসঙ্গে খননকাজ চালানো হচ্ছে। মাঝখানে দুই দলের খননকাজের সংযোগস্থলে সর্বোচ্চ ৫ সেন্টিমিটারের ব্যবধান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য লেজারসহ অত্যাধুনিক পরিমাপ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ লেজার স্ক্যানার প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে সুড়ঙ্গের ত্রিমাত্রিক ডিজিটাল প্রতিরূপ তৈরি করছে। পরে মূল নকশার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে কোথাও কোনো ত্রুটি রয়েছে কি না।

প্রকল্পে পরিমাপ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান হেক্সাগনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা বুরখার্ড বোকেম বলেন, এত নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা বিশ্বের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। তবে এই নির্ভুলতা বজায় রাখা গেলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি নির্মাণসামগ্রীর অপচয় এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

রগফাস্ট প্রকল্পটি নরওয়ের ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই৩৯ উপকূলীয় মহাসড়ক আধুনিকায়নের অংশ। ট্রনহেইম থেকে ক্রিস্টিয়ানস্যান্ড পর্যন্ত বিস্তৃত এই সড়কপথে বর্তমানে সাতটি ফেরি পার হতে হয় এবং পুরো পথ পাড়ি দিতে প্রায় ২১ ঘণ্টা লাগে। পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন সুড়ঙ্গ ও সেতু নির্মাণের মাধ্যমে ফেরিনির্ভরতা দূর করে যাত্রার সময় অর্ধেকে নামিয়ে আনা হবে। তবে পুরো প্রকল্প শেষ হতে ২০৫০ সালের আগে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

রগফাস্ট নির্মাণে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সুড়ঙ্গের ভেতরে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ ঠেকানো। অ্যান ব্রিট মোয়েন জানান, ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার গভীরে খননকাজ চলার সময় সুড়ঙ্গের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য পরিমাণ লবণাক্ত পানি ঢুকেছে। সর্বোচ্চ ৩৯২ মিটার গভীর পর্যন্ত কাজ চালাতে পানি প্রবেশ বন্ধের কার্যকর পদ্ধতি খুঁজছেন প্রকৌশলীরা। সুড়ঙ্গের ভেতরে বায়ুদূষণ নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হবে। জেট ফ্যানের মাধ্যমে বাতাস চলাচল নিশ্চিত করার পাশাপাশি কভিতসয় দ্বীপ পর্যন্ত বিস্তৃত বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। যানবাহনের বিকল হওয়া বা যানজটের মতো ঘটনা শনাক্ত করতে থাকবে তাৎক্ষণিক সতর্কতা ব্যবস্থা। ক্যামেরা ও রাডারের মাধ্যমেও যানবাহন পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্পটি চালু হলে ফেরি চলাচল বন্ধের কারণে কিছু কর্মসংস্থান কমতে পারে। তবে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও সরকারি সেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সামুদ্রিক খাদ্যশিল্পসহ বিভিন্ন ব্যবসার পরিবহন ব্যয় কমবে এবং ব্যবসার পরিধি বাড়বে। বর্তমানে সমুদ্রের নিচে অংশ রয়েছে এমন বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গের স্বীকৃতি জাপানের সেইকান রেল সুড়ঙ্গের। এর মোট দৈর্ঘ্য ৫৩ দশমিক ৮৫ কিলোমিটার, যার মধ্যে সমুদ্রের নিচের অংশ ২৩ দশমিক ৩ কিলোমিটার। ইংল্যান্ড ও ফ্রান্সকে যুক্ত করা চ্যানেল সুড়ঙ্গের দৈর্ঘ্য ৫০ দশমিক ৪৬ কিলোমিটার, এর সমুদ্রতল অংশ ৩৭ দশমিক ৯ কিলোমিটার। তবে গভীরতার দিক থেকে রগফাস্ট এগিয়ে থাকবে। সেইকান সুড়ঙ্গের সর্বোচ্চ গভীরতা ২৪০ মিটার এবং চ্যানেল সুড়ঙ্গের ১১৫ মিটার, যেখানে রগফাস্টের সর্বোচ্চ গভীরতা হবে ৩৯২ মিটার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…