শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার তীব্র হামলা, শীতে বসবাসের অযোগ্য হওয়ার শঙ্কায় কিয়েভ

শান্তির কথা বললেও রাশিয়া ইউক্রেনে তীব্র বোমা হামলার অভিযান শুরু করেছে, যার লক্ষ্য এই শীতে কিয়েভসহ বিভিন্ন শহরকে তাপ, পানীয় জল ও পয়ঃনিষ্কাশন সুবিধা থেকে বঞ্চিত করা। ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ওপর প্রতিদিনের হামলার ঢেউয়ে আশঙ্কা তৈরি হয়েছে, আগামী মাসগুলোতে রাজধানী কিয়েভ প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে।
গত সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা আবার শুরু হয়। নয় মাসের বিরতির পর আলোচনা শুরুর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, রাশিয়া কোনো ছাড় দিতে রাজি হবে কি না।
তবে বিশ্লেষকদের মতে, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনই মস্কোর হয়ে জবাব দিয়ে দিয়েছে। প্রত্যাশার চেয়ে কয়েক সপ্তাহ আগেই রাশিয়া শীতকালে ইউক্রেনীয়দের বেঁচে থাকা ও সচল থাকার অবকাঠামোর ওপর তীব্র বোমা হামলা শুরু করেছে। জ্বালানি ব্যবস্থায় প্রতিদিনের হামলায় ভয় বাড়ছে যে ৩০ লাখ মানুষের শহর কিয়েভ আগামী মাসগুলোতে প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে।
আবুধাবি আলোচনায় আত্মবিশ্বাসী রাশিয়া কঠোর দাবি তুলে ধরেছে, যেগুলো ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। এই অনমনীয় অবস্থান থেকে ইঙ্গিত মিলেছে, রাশিয়ার এখন শান্তি নিয়ে আলোচনায় প্রকৃত আগ্রহ নেই, কারণ মস্কো মনে করে শীতকালীন বোমা হামলা বসন্তে দরকষাকষির টেবিলে তার অবস্থান শক্তিশালী করবে।
সাম্প্রতিক এক রুশ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘তারা আমাদের জ্বালানি ব্যবস্থাকে জিম্মি করে আলোচনার টেবিলে আসতে চায়।’
আবুধাবি আলোচনার পর বৃহস্পতিবার চীনের শেনজেনে একটি সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের নেতা সি চিন পিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন নেতা ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন কি না, তা স্পষ্ট নয়।
অবকাঠামোতে হামলা এখন মস্কোর বিজয়ের কৌশলে পরিণত হয়েছে, কারণ প্রায় পাঁচ বছর ধরে যুদ্ধ করেও রাশিয়া ইউক্রেনে তার বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। প্রতি শীতে রাশিয়া দেশটির বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে জনগণকে জমে গিয়ে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেছে।
তবে এবার ইউক্রেনের শহরগুলো যুদ্ধের সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। বছরের পর বছর হামলায় বিদ্যুৎ গ্রিড আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর হয়ে পড়েছে এবং আকাশ প্রতিরক্ষা কমে আসায় ব্যবস্থাটি রক্ষা করতে ইউক্রেনীয় সেনারা হিমশিম খাচ্ছেন।




