পাকিস্তানের ২৪ বছরের চেয়ে আওয়ামী লীগ ১৭ বছরে বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে বিদেশে পাচার করা হয়েছে; যার ফলে আজ সাধারণ গ্রাহকেরা ব্যাংকে টাকা পাচ্ছে না।
আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য রাখেন।
বিগত সরকারের সময়ে অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।
খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো, নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে আজ ব্যাংকিং খাতের এই করুণ দশা। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে তিনি মন্তব্য করেন। বিদ্যুৎ খাতে অতিরিক্ত দামে (ওভারপ্রাইসিং) রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে ফেক নিউজকারীদের কীভাবে থামানো যায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হবে বলে জানান তিনি।
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তাদের গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না; বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যমের সহযোগিতা চায়।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এই কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা দেখা যাচ্ছে না; জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার সুযোগ নেই, আগামী দিনেও থাকবে না।
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এত মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণ; ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলে তিনি আহ্বান জানান। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
এর আগে দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।



