লেবাননের দ্বিতীয় বিমানবন্দর ক্লায়াতে পরীক্ষামূলক ফ্লাইট ২২ নভেম্বর, বাণিজ্যিক ফ্লাইট ১৪ ডিসেম্বর থেকে
লেবাননের দ্বিতীয় বিমানবন্দরটি দেশটির স্বাধীনতা দিবস ২২ নভেম্বর পরীক্ষামূলক ফ্লাইটের মাধ্যমে চালু হওয়ার কথা রয়েছে। উত্তরাঞ্চলের ক্লায়াত শহরে অবস্থিত রেনে মুয়াওয়াদ বিমানবন্দরটি যুদ্ধ ও অর্থনৈতিক ধসের বছরগুলোর পর দেশটির জন্য সুফল বয়ে আনতে পারে বলে বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা মনে করছেন।
গত জুনে প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ও অন্য কর্মকর্তারা বৈরুত থেকে ক্লায়াতের এই বিমানবন্দরে একটি পরীক্ষামূলক ফ্লাইটে যান। লেবাননের কর্মকর্তাদের আশা, নতুন বিমানবন্দরটি দেশের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত অঞ্চলগুলোর একটিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
ক্লায়াত বিমানবন্দরটি মূলত ২০২৬ সালের মাঝামাঝি চালু হওয়ার কথা ছিল, কিন্তু লেবাননে ইসরায়েলের যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। বাণিজ্যিক ফ্লাইট শুরুর তারিখ প্রথমে ২২ নভেম্বর নির্ধারণ করা হলেও নির্মাণকাজে বিলম্বের কারণে তা আরও পিছিয়ে এখন ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। শীতের ছুটিতে প্রবাসী লেবাননিরা ওই সময় দেশে ফেরেন।
রাজধানী বৈরুতের ঠিক দক্ষিণে অবস্থিত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরই এখন পর্যন্ত লেবাননের একমাত্র সচল বিমানবন্দর, আর এটি রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধের প্রতি সংবেদনশীল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের দুটি বিমানকে বৈরুতে অবতরণে বাধা দেওয়া হলে হিজবুল্লাহর সমর্থকেরা বিমানবন্দরটিকে রাজধানীর সঙ্গে যুক্ত সড়ক অবরোধ করেছিলেন।
লেবাননের রাজনৈতিক বিশ্লেষক বাসেল দুয়েইক বলেছেন, হিজবুল্লাহর ঐতিহ্যগত প্রভাব বলয়ের বাইরে উত্তরে নতুন বিমানবন্দর হলে সেই সড়ক অবরোধের কৌশলগত সুবিধা কিছুটা কমতে পারে। তবে তিনি বলেছেন, ক্লায়াত বিমানবন্দরটি ছোট এবং বর্তমান বিমানবন্দরের বিকল্প হতে পারবে না, ফলে ওই সুবিধা পুরোপুরি দূর হবে না।
রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মার্সেল বালুকজি বলেছেন, দ্বিতীয় বিমানবন্দর চালু হলে রাষ্ট্রের হাতে বিকল্প ও কৌশলগত সুযোগ বাড়বে, তবে হিজবুল্লাহর অস্ত্রের প্রশ্নে রাষ্ট্রের অবস্থানে বড় পরিবর্তন আসবে না। ভবিষ্যতের কোনো যুদ্ধে বৈরুত বিমানবন্দর বন্ধ হয়ে গেলেও বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনগুলোর জন্য যাতায়াতের বিকল্প থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় বিমানবন্দর চালুর কারণ রাজনৈতিক নয়, অর্থনৈতিক। ২০১৯ সালের অর্থনৈতিক ধসের পর থেকে লেবাননের অর্থনীতি ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে। এ বছর মূল্যস্ফীতি ১৭ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৬ দশমিক ৪ শতাংশ সংকুচিত হতে পারে। ২০২৩ সাল থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি বলে আগের হিসাবগুলোতে বলা হয়েছে।
নিউ লাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির সহকারী পরিচালক দানিয়া আরায়সি বলেছেন, উল্লেখযোগ্য সরকারি রাজস্ব আয় করতে পারে এমন একটি স্থাপনা সফলভাবে পরিচালনা করা গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি নাগরিকদের আস্থা ফিরতে পারে।
ক্লায়াত সিরিয়া সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের আক্কার এলাকায় অবস্থিত। কর্মকর্তাদের বিশ্বাস, নতুন বিমানবন্দরটি লেবাননের উত্তরাঞ্চলের পাশাপাশি সিরিয়ার হোমস, লাতাকিয়া ও তারতুস শহরের যাত্রীদেরও সেবা দিতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন এই বিমানবন্দর প্রকল্পের পথ আংশিকভাবে সুগম করেছে, কারণ সিরিয়ার সাবেক সরকার এই পরিকল্পনার বিরোধী ছিল। ২০২৫ সালের শুরুতে সালাম সরকার গঠনের পর প্রকল্পটি অগ্রাধিকার পায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ক্লায়াতে কম খরচের এয়ারলাইনগুলোর ফ্লাইট নামার সম্ভাবনা রয়েছে। জুনে তুরস্কের ইস্তাম্বুল ও মেরসিন এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে এই বিমানবন্দরের গন্তব্য হিসেবে নিশ্চিত করা হয়েছিল। বিমানবন্দরটি প্রথম বছরে ১ লাখ ১৫ হাজার যাত্রীকে সেবা দিতে পারে, চতুর্থ বছরে যা প্রায় ৬ লাখে পৌঁছাতে পারে।



