…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

তৃতীয় প্রান্তিকে জাপানের জিডিপি প্রবৃদ্ধি শূন্য, বার্ষিক হিসাবে সংকোচন শূন্য দশমিক ১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ইরান যুদ্ধের চলমান প্রভাবের কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যত স্থবির হয়ে পড়েছে। সোমবার প্রকাশিত জাপান সরকারের প্রাথমিক ও মৌসুমভিত্তিক সমন্বয় করা পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও দুর্বল।

জাপানের মন্ত্রিসভা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছিল শূন্য শতাংশ। অথচ ব্লুমবার্গ নিউজের এক জরিপে অর্থনীতিবিদেরা এ সময়ে শূন্য দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

বার্ষিক হিসাবেও জাপানের জিডিপি শূন্য দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে, যেখানে বিশ্লেষকদের আশা ছিল শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির।

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে উচ্চপর্যায়ে থাকা মূল্যস্ফীতি ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমিয়ে দিয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং জাপানি মুদ্রা ইয়েনের দুর্বল অবস্থানের কারণে আমদানি ব্যয় ও আমদানি করা পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রকৃত বেসরকারি ভোগব্যয় শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগে এপ্রিল থেকে জুন প্রান্তিকেও ঠিক একই হারে ব্যয় কমেছিল।

এ ছাড়া রপ্তানি হ্রাসের পাশাপাশি সরকারের প্রণোদনা কর্মসূচি এবং বেসরকারি খাতে বিনিয়োগের পুনরুদ্ধারও অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় ধরে রাখতে পারেনি বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

গত সেপ্টেম্বরে তাজা খাদ্যপণ্য বাদ দিয়ে জাপানের মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ১ শতাংশে পৌঁছায়, যা ব্যাংক অব জাপানের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যায়। এর আগে গত মাসে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। অর্থনীতিকে দীর্ঘদিনের মূল্যপতন থেকে বের করে আনতে ১৩ বছরেরও বেশি সময় আগে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যাংক অব জাপান।

অর্থনীতির এই চিত্র নিয়ে ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্সেল থিলিয়ঁ বলেন, তৃতীয় প্রান্তিকে প্রকৃত জিডিপির স্থবিরতা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কিছুটা খারাপ ছিল এবং অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত চিত্রও বেশ হতাশাজনক।

অন্যদিকে পরিসংখ্যান প্রকাশের আগে মিতসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান গবেষক শুমপেই ফুজিতা মন্তব্য করেছিলেন, ইরানের অবনতিশীল পরিস্থিতির কারণে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও জাপানের অভ্যন্তরীণ অর্থনীতি এখনো স্থিতিস্থাপকতা ধরে রেখেছে।

মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরে ব্যাংক অব জাপান আবারও সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপিটাল ইকোনমিকসের থিলিয়ঁর মতে, সোমবার প্রকাশিত প্রবৃদ্ধির পরিসংখ্যান কেন্দ্রীয় ব্যাংকের সেই সিদ্ধান্তে বড় কোনো পরিবর্তন আনবে না; বরং মূল্যস্ফীতি দ্রুত বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংককে আগের ধারণার চেয়েও কঠোরভাবে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে হতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…