ফিলিস্তিনিদের নজরদারিতে অ্যামাজনের মুখ-শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী, ফাঁস হওয়া নথিতে ৩৫ লাখ ছবি আপলোডের তথ্য

ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ছবি বিশ্লেষণে মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজনের মুখ-শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছিল—ফাঁস হওয়া নথির ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ছবির এই বিশাল সংগ্রহ গাজায় ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা ও স্থল অভিযানের শুরুর মাসগুলোতে অ্যামাজনের ক্লাউডে সরানো হয়।
নথি অনুযায়ী, ছবিগুলো আপলোড করেছে সেনাবাহিনীর একটি বিভাগ, যার কাছে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগোষ্ঠীর ছবির বিশাল সংগ্রহ রয়েছে। ২০২৪ সালের শুরুতে বিভাগটি অ্যামাজনকে জানায়, মুখ-শনাক্তকরণ প্রকল্পে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘রেকগনিশন’ ব্যবহারের জন্য ছবিগুলো আপলোড করা হচ্ছে।
ছবিগুলো তেল আবিবের কাছে অ্যামাজনের একটি ডেটা সেন্টারে সরানো হয়। কাজটি করে ‘রোলিং স্টোন’ নামে পরিচিত বিভাগটি, যা সেনাবাহিনীর একটি সফটওয়্যার ইউনিটের অংশ। বিভাগটির নাম এসেছে এমন একটি ব্যবস্থা থেকে, যা গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের তথ্যের কেন্দ্রীয় ভান্ডার হিসেবে কাজ করে।
নথি ও সেনা সূত্রদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও দখলকৃত অঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনিদের তথ্যসহ বিপুল পরিমাণ ডেটা অ্যামাজনের ডেটা সেন্টারে সরিয়েছে। ফাঁস হওয়া নথিগুলো ফিলিস্তিনিদের নজরদারিতে অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রযুক্তি ও অবকাঠামোর ওপর সেনাবাহিনীর নির্ভরতা নিয়ে চলমান এক তদন্তের অংশ।
২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিতভাবে তল্লাশিচৌকি পার হওয়ার সময় ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করত, অনেক ক্ষেত্রেই বোমা হামলায় বাস্তুচ্যুত হওয়ার পর। রেকগনিশনে আপলোড করা ৩৫ লাখ ছবি সেই তল্লাশিচৌকিগুলোতে তোলা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। তবে তল্লাশিচৌকিতে মুখ-শনাক্তকরণের কাজের সঙ্গে পরিচিত এক সেনা সূত্র বলেছেন, সংগৃহীত ছবির ‘বিশাল পরিমাণের’ কারণেই অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করা হয়েছিল।
ইসরায়েল দীর্ঘদিন ধরে মুখ-শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আসছে, বিশেষ করে পশ্চিম তীরের দখলে। তল্লাশিচৌকিতে মুখ স্ক্যান করা সেখানে নিয়মিত ঘটনা, আর সেনারা নিজেদের তৈরি স্মার্টফোন অ্যাপ দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারীদের ছবি সংগ্রহ করেন।
গাজায় অভিযানের শুরুর পর্যায়ে ইসরায়েল রেকগনিশন ব্যবহার করে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় জিম্মি হওয়া ব্যক্তিদের শনাক্ত করেছিল। সন্দেহভাজন যোদ্ধাদের শনাক্ত করতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়। নিউইয়র্ক টাইমস এর আগে জানিয়েছিল, সেনাবাহিনী গাজায় ভিড় ও ড্রোন ফুটেজে মুখ শনাক্তে বাণিজ্যিক প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছিল, যাতে কখনো কখনো বেসামরিক নাগরিকদের ভুলভাবে যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
নথি অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে ইসরায়েলি সেনাদের একটি ছোট দল তেল আবিবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) কার্যালয় থেকে কাজ করেছিল—কার্যালয়টি ইসরায়েলের অন্যতম উঁচু ভবনের ২৮ তলায়। কয়েকজন সেনা সূত্র বলেছেন, তাঁরা গাজায় চলমান মুখ-শনাক্তকরণ কর্মসূচি আরও কার্যকরভাবে চালাতে প্রতিষ্ঠানটির ক্লাউড অবকাঠামো ব্যবহারের উপায় খুঁজছিলেন। তাঁদের এই কাজ কার্যকর হয়েছিল কি না, কিংবা তা ৩৫ লাখ ছবি আপলোডের সঙ্গে যুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।
এডব্লিউএসের একজন মুখপাত্র বলেছেন, গ্রাহকদের ক্লাউডে রাখা কাজের বিষয়বস্তু সম্পর্কে প্রতিষ্ঠানটির ‘কোনো ধারণা নেই’। তিনি আরও বলেন, তাঁরা গ্রাহকদের গোপনীয়তাকে সম্মান করেন এবং গ্রাহকের সম্মতি ছাড়া সম্পর্ক নিয়ে আলোচনা করেন না। সেনাদের কার্যালয়ে উপস্থিতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, গ্রাহকরা নিয়মিতই ব্রিফিং ও বৈঠকের জন্য তাঁদের কার্যালয়ে আসেন এবং এসব সফরকে নিয়মিত গ্রাহক-যোগাযোগ ছাড়া অন্য কিছু বলা ভুল ও ভিত্তিহীন।
অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ভিত্তি ২০২১ সালের ‘প্রজেক্ট নিম্বাস’ নামের বহু বিলিয়ন ডলারের চুক্তি, যার আওতায় এডব্লিউএস ও গুগল বিস্তৃত পরিসরের সরকারি ও সামরিক গ্রাহককে ক্লাউড সেবা দেয়। গার্ডিয়ান গত বছর প্রকাশ করেছিল, এই চুক্তিতে এমন অস্বাভাবিক শর্ত রয়েছে যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর ক্লাউড সেবা সীমিত বা স্থগিত করা থেকে বিরত রাখে—ইসরায়েল তাদের সেবার শর্ত ভঙ্গ করলেও। প্রতিবেদনে তুলনা টানা হয়েছে মাইক্রোসফটের সঙ্গে, যারা গত বছর গার্ডিয়ান ও প্লাস৯৭২ ম্যাগাজিনের উন্মোচিত একটি গণনজরদারি ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিতে সেনাবাহিনীর প্রবেশ বন্ধ করে দিয়েছিল।
নিম্বাস চুক্তির অংশ হিসেবে ২০২৩ সালের শুরুতে এডব্লিউএস ইসরায়েলে নতুন ডেটা সেন্টার চালু করে। নথি অনুযায়ী, চুক্তির একটি কেন্দ্রীয় অংশ ছিল তেল আবিবের ডেটা সেন্টারগুলোর ভেতরে উন্নত ডিজিটাল ও শারীরিক নিরাপত্তাবেষ্টিত একটি পৃথক এলাকায় সেনাবাহিনীকে প্রবেশাধিকার দেওয়ার বাধ্যবাধকতা—সামরিক অভিযান ও গোয়েন্দা সংগ্রহের সংবেদনশীল তথ্য রাখার এই বিচ্ছিন্ন এলাকাকে বলা হয় ‘ওয়াল্ড গার্ডেন’।
নথি বলছে, রোলিং স্টোন বিভাগ এডব্লিউএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক গ্রাহকদের একটি। ২০২৩ সালজুড়ে বিভাগটি নিজের বিপুল ডেটা ওই ‘ওয়াল্ড গার্ডেনে’ সরিয়েছে। এই কাজে যুক্ত এক সেনা সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পরিকল্পনা ছিল ছবি, ভিডিও, সব গোপন গোয়েন্দা তথ্য—সবকিছুই সরিয়ে নেওয়ার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বলেছেন, অভিযানগত প্রয়োজনের সঙ্গে যুক্ত চুক্তি বা সেবা নিয়ে মন্তব্য করার ইচ্ছা তাঁদের নেই।
কয়েক দশক ধরে ব্যবহৃত রোলিং স্টোন ব্যবস্থাটি নিয়মিত হালনাগাদ হয় এবং এতে ফিলিস্তিনিদের ব্যক্তিগত ও পারিবারিক বিবরণ, সম্পত্তির তথ্য, তল্লাশিচৌকি পারাপার, কাজের অনুমতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকে বলে নথিতে বলা হয়েছে। ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়েছে, গাজায় গুরুতর অপরাধ, এমনকি গণহত্যার অভিযোগ ওঠার সময়কালে এডব্লিউএসের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও গভীর হয়েছে—এই অভিযোগ ইসরায়েল অস্বীকার করেছে, তবে জাতিসংঘের একটি তদন্ত কমিশন, ইসরায়েলি মানবাধিকার সংগঠন ও গণহত্যা বিশেষজ্ঞরা তা সমর্থন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




