বেরোবির বিজয়-২৪ হলে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতা রাফির বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফির বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে হলের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুই কর্মচারী হলেন হলের এমএলএসএস মো. ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান। আহত ময়নুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পরীক্ষার প্রবেশপত্রে হল প্রভোস্টের স্বাক্ষর নেওয়ার জন্য সেটি পাঠিয়েছিলেন রাফি। কিন্তু গতকাল রোববার পর্যন্ত স্বাক্ষর করা প্রবেশপত্রটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। এ নিয়েই হলের কর্মচারীদের সঙ্গে রাফির বিরোধের সৃষ্টি হয় এবং এর জেরেই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।
ঘটনার বর্ণনা দিয়ে আহত কর্মচারী মো. মারুফুর রহমান বলেন, ঘটনার সময় তিনি ও ময়নুল ইসলাম দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হন এবং তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। ময়নুলকে রক্ষা করতে গেলে রাফি তাঁকেও আঘাত করেন বলে মারুফুর রহমান জানান।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি। তিনি বলেন, বৃহস্পতিবার তাঁর প্রবেশপত্রে হল প্রভোস্ট স্বাক্ষর করার পরও রোববার পর্যন্ত সেটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। সোমবার এ বিষয়ে জানতে চাইলে সঙ্গে সঙ্গেই প্রবেশপত্রটি দিয়ে দেওয়া হয়।
রাফি আরও বলেন, হলের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জবাবদিহি চাইতে তিনি ও অন্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। এ সময় এক শিক্ষার্থী সার্টিফিকেটে স্বাক্ষর নেওয়ার জন্য প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছিলেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়ায় তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। মারামারি বা হাতাহাতির ঘটনাও তিনি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রত্যক্ষদর্শী হিসেবে বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশিদ বলেন, ঘটনার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রক্টরও ঘটনাস্থলে এসেছিলেন। এ ঘটনায় হলের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার একটি সভা ডাকা হয়েছে। সভায় তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রভোস্ট আরও বলেন, এ ঘটনায় দুটি পক্ষের বক্তব্য রয়েছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তা অস্বীকার করেছেন। ঘটনার সময় তাঁরাও সেখানে উপস্থিত ছিলেন না, তাই প্রকৃত ঘটনা এখনই বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে বিষয়টি উদ্ঘাটন করা হবে। অভিযোগকারী কর্মচারী লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এ এম শাহরিয়ার বলেন, আহত কর্মচারী ময়নুল ইসলামকে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




