তেজগাঁও থানায় জিডি করতে গিয়েও হত্যার হুমকি পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ফোনে আবারও হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এক সপ্তাহ ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় জিডি করতে যান মাহমুদা মিতু। জিডি করতে থানায় থাকা অবস্থাতেই একটি বাংলাদেশি নম্বর থেকে তাঁকে আবারও হুমকি দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে বিষয়টি গণমাধ্যমকে জানান এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। অভিযোগ দায়েরের সময় তিনি মাহমুদা মিতুর সঙ্গে তেজগাঁও থানায় উপস্থিত ছিলেন।
জিডি করার পর মাহমুদা মিতু সাংবাদিকদের জানান, ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গত কয়েক দিন ধরে এ ধরনের হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে বলে তিনি জানান।
তিনি জানান, গতকাল রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থান করার সময়ও তাঁকে দেশ ছাড়ার হুমকি দিয়ে ফোন করা হয়।
মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও নানা ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। শুরুতে বিষয়টি তিনি তেমন আমলে নেননি। তবে গত দুই দিন সংসদ অধিবেশন চলাকালে সন্ধ্যার বিরতির সময় একটি চক্র বিকৃত ভাষায় তাঁকে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে আসছে বলে তিনি জানান।
এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও এখন হুমকির মুখে পড়ছেন বলে তিনি জানান।
একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হওয়াকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন এনসিপির এই নেত্রী। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে তাঁদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
মাহমুদা মিতুর অভিযোগ, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর প্রমাণ হিসেবে তাঁর কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাব চাইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে মাহমুদা মিতু বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়নি। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ বলে তিনি মন্তব্য করেন।



