শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করে বিচার চালানোর আদেশ ট্রাইব্যুনালের
বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ভার্চ্যুয়ালি (অনলাইনে) যুক্ত রেখে বিচারিক কার্যক্রম পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
একই সঙ্গে ট্রাইব্যুনাল বলেছেন, অন্য কোনো আসামি অসংযত আচরণ, অসহযোগিতা কিংবা বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করলে তাঁর ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা যাবে।
এদিকে সোমবার জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, সকালে জিয়াউল আহসান অসুস্থতার কথা বলে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান। পরে নানা অজুহাতে পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন।
চিফ প্রসিকিউটর জানান, এসব আচরণের কারণে ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।
চিফ প্রসিকিউটর আরও জানান, কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তা ঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে সশরীরে হাজির হতে না পারলে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনেও অডিও-ভিডিও বা ভার্চ্যুয়াল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার বিধান আছে।
এর আগে গত ১২ নভেম্বরও শাপলা চত্বর গণহত্যা মামলায় জিয়াউল আহসানের আচরণে বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ তুলেছিলেন চিফ প্রসিকিউটর। সেদিনও তিনি আদালতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
আসামি তালিকায় আরও রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, কমিটির সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও এনএসআইয়ের মো. মনজুর আহমেদ।
তাঁদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পৃথক মামলায় ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।



