বার্মিংহামে পতাকা সরানো নিয়ে ভ্যান চাপা দেওয়ার ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাজ্যের বার্মিংহামে ল্যাম্পপোস্ট থেকে পতাকা সরানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ভ্যান চাপা দেওয়ার ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ সোমবার জানিয়েছে, অভিযুক্ত দুজনকে ডিসেম্বরে আদালতে হাজির হতে হবে।
ঘটনাটি ঘটেছিল গত ১৪ মে বার্মিংহামের দক্ষিণ-পশ্চিমের স্টার্চলি এলাকার মেফিল্ড রোডে। ওই ঘটনায় ত্রিশোর্ধ্ব এক ব্যক্তিকে পায়ে আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ট্যামওয়ার্থের বাসিন্দা মার্ক কিটিংয়ের (৪৯) বিরুদ্ধে মারধরের চারটি অভিযোগ আনা হয়েছে। তিনি ৯ ডিসেম্বর বার্মিংহামের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন।
ব্রোমসগ্রোভের বাসিন্দা রায়ান ব্রিজের (৪৫) বিরুদ্ধে হয়রানি, উদ্বেগ বা মানসিক যন্ত্রণা সৃষ্টি করতে পারে এমন হুমকিমূলক বা অভদ্র শব্দ ও আচরণের দুটি অভিযোগ আনা হয়েছে। তিনি ১০ ডিসেম্বর একই আদালতে হাজির হবেন।
এ ঘটনায় সাটন কোল্ডফিল্ডের ৫৩ বছর বয়সী আরেক ব্যক্তি এখনো জামিনে রয়েছেন। গত মে মাসে আঘাত করার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার কিছুক্ষণ পরই কাছাকাছি এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘কর্মকর্তারা ঘটনার পুরো পরিস্থিতি জানতে নানা ধরনের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছেন।’
পুলিশ জানিয়েছে, একই ঘটনায় চারটি মারধরের অভিযোগ তারা পেয়েছে, তবে কারও গুরুতর আঘাত লাগেনি বলে তারা বুঝতে পেরেছে।




