১০০ কোটি টাকার বেশি খরচে কেনা বডিক্যাম পরতে অনীহা পুলিশ সদস্যদের, এক সপ্তাহে অনলাইনে ব্যবহৃত মাত্র ৩১৪টি
বিপুল অর্থ খরচ করে কেনা হলেও শরীরে পরা ক্যামেরা — বডিক্যাম — ব্যবহার করতে চাইছেন না অনেক পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তর থেকে বারবার নির্দেশনা দেওয়ার পরও বডিক্যাম ব্যবহারে মাঠপর্যায়ের অনেক সদস্যের মধ্যে অনীহা দেখা দিয়েছে।
বডিক্যাম ব্যবহারযোগ্য প্রায় ৫ হাজার ক্যামেরা থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একসঙ্গে আরও ২০ হাজার ক্যামেরা কেনা হয় বাহিনীটির জন্য। অত্যাধুনিক প্রযুক্তির এসব ক্যামেরা কিনতে সরকারের খরচ হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। অথচ এত দাম দিয়ে কেনা অনেক বডিক্যাম এখন অযত্নে-অবহেলায় পড়ে আছে।
এসব ক্যামেরা কেনা হয়েছিল মূলত অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কথোপকথন ও আচরণের রেকর্ড সংরক্ষণের জন্য। ক্যামেরাগুলোর ব্যবহার পর্যবেক্ষণে পুলিশ সদর দপ্তরের অপারেশনস ইউনিটের অধীনে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারও স্থাপন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে অনলাইনে সংযুক্ত মাত্র ৩১৪টি বডিক্যাম ব্যবহার করা হয়েছে। একই সময়ে অফলাইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০টি।
বিষয়টি স্বীকার করে অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান বলেন, বড় আয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে বডিক্যামের ব্যবহার এখনো বেশ সীমিত। তিনি বলেন, এসব ক্যামেরার ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে; মহানগর এলাকার বাইরে মাঝে মাঝে ক্যামেরা ব্যবহার করা হয়, বিশেষ করে বড় ধর্মীয় উৎসব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে।
পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকগুলোতে নিয়মিত এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয় এবং জেলা ও মহানগর ইউনিটের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণের কথা জানান। কিন্তু কোনো উন্নতি হয়নি।
কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের ক্যামেরা ব্যবহারে অনীহার কারণ হিসেবে জবাবদিহির উদ্বেগ, বাজেটের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সমস্যা ও কার্যক্রম পরিচালনার নানা চ্যালেঞ্জের কথা জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, বাহিনীর বেশির ভাগ সদস্যই জবাবদিহির আওতায় আসতে চান না; তাই বারবার নির্দেশনা জারির পরও বডিক্যামের ব্যবহার তেমন হচ্ছে না।
পুলিশ সদর দপ্তরের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু সদস্য ক্যামেরা ব্যবহার করতে চান না, কারণ এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও ঘুষ, অসদাচরণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের ক্ষেত্রে তাঁদের জবাবদিহির মুখে ফেলতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ‘জবাবদিহি নিশ্চিত করতে বডিক্যাম ভালো উদ্যোগ।’ আর্থিক সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনাযোগ্য বলে উল্লেখ করেন তিনি।
সাবেক পুলিশপ্রধান বাহারুল আলম বলেন, প্রথমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল, তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাটি ক্যামেরা সরবরাহ করতে পারেনি। পরে পুলিশ সদর দপ্তর জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারদের এসব ক্যামেরা কেনার জন্য অর্থ বরাদ্দ দেয়। খরচের বিষয়ে তিনি বলেন, ‘সঠিক পরিমাণটা মনে করতে পারছি না, তবে এগুলো বেশ দামি ক্যামেরা। ব্যয় অবশ্যই ১০০ কোটি টাকার বেশি হবে।’
অতিরিক্ত খরচকে ব্যবহার সীমিত থাকার একটি কারণ হিসেবে তুলে ধরেছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। তিনি জানান, প্রতিটি ক্যামেরার ইন্টারনেট সংযোগে মাসে প্রায় এক হাজার টাকা প্রয়োজন হয় এবং এ খাতে পুলিশের বাজেটের ঘাটতি রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন আয়োজনে ক্যামেরা ব্যবহার করা হয়; এ কারণেই এর ব্যবহার সীমিত।
ক্যামেরা কেনার পর পুলিশ সদর দপ্তর একটি মানসম্মত পরিচালনাপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করে, যাতে কোন কোন পরিস্থিতিতে সদস্যদের ক্যামেরা পরতে হবে তা নির্দিষ্ট করা আছে। নির্দেশনা অনুযায়ী টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ ও দুর্ঘটনার ঘটনায় সাড়া দেওয়া, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার, তদন্ত, অপরাধস্থল পরিদর্শন ও জনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে এসব ক্যামেরা ব্যবহার করতে হবে। এ ছাড়া নির্বাচনী প্রচার, প্রযোজ্য ক্ষেত্রে ভোটকেন্দ্র এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজনেও পুলিশের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য ক্যামেরাগুলো ব্যবহারের কথা রয়েছে।



