ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: মৌলভীবাজারে দুই সপ্তাহে আটক ৭০-৭৫ জন, জীবননগরে নারী-শিশুসহ ৯
ডিসেম্বরকে সামনে রেখে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের অবৈধভাবে দেশত্যাগ, অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।
এরই মধ্যে মৌলভীবাজার সীমান্তে গত দুই সপ্তাহে ৭০ থেকে ৭৫ জনকে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করে ভারতে ফেরত পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশির ভারতে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, পাহাড়ি, বনাঞ্চল ও দুর্গম সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক রাখা হয়েছে এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেও কয়েকটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ডিসেম্বরের পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় টহল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি বলেন, কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যেই টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রতিটি বর্ডার আউটপোস্টকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। এসব জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত ১৫৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৌলভীবাজারের পাহাড়ি ও বনাঞ্চলবেষ্টিত সীমান্তপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। তবে বিজিবির কঠোর নজরদারিতে গত দুই সপ্তাহে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭০ থেকে ৭৫ জনকে আটক করে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
৪৬ বিজিবির (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবৈধ অনুপ্রবেশের যেকোনো চেষ্টা আইন ও নিয়ম অনুযায়ী প্রতিহত করা হচ্ছে।
এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত রোববার রাত সোয়া ৯টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ৬১/৭-এস থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান চালানো হয়। হাবিলদার মো. মাসুম এলাহীর নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। চার পুরুষ হলেন অসীম বরণ বাড়ৈ (৫২), মো. শারিয়ার (২৩), জাফরান মজুমদার (২৩) ও শ্যামল কুমার সরকার (৪৮)। তাদের বাড়ি ঢাকা, কুমিল্লা ও মানিকগঞ্জে। আটক নারী ও শিশুসহ সবাইকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্তে সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



