…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া দলিল আর স্থগিতাদেশের আড়ালে ১৭ বছর ধরে ছয় একর সরকারি জলমহাল দখলে

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া দলিল আর স্থগিতাদেশের আড়ালে ১৭ বছর ধরে ছয় একর সরকারি জলমহাল দখলে
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগোলপুর মৌজায় সরকারি খাসপুকুর আছে চারটি। প্রায় ছয় একর আয়তনের এই জলমহালগুলো একসময় ইজারা দেওয়া হতো। অভিযোগ উঠেছে, সরকারি আইনজীবীকে ‘ম্যানেজ’ করে ভুয়া দলিল ও আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে ১৭ বছর ধরে সেগুলো দখল করে রেখেছেন স্থানীয় আব্দুল হাকিম নামের এক ব্যক্তি। তিনি জমির শ্রেণিও পরিবর্তন করেছেন। প্রশাসনের কর্মকর্তারাও একই কথা বলছেন।

চার পুকুরের নাম চাতরা, ফড়িংগা, মোহনা ও পানবরজ। জলমহাল চারটির মোট আয়তন ৫ দশমিক ৮৮ একর। এর মধ্যে চাতরা ও ফড়িংগা পুকুর ২০২৪ সাল থেকে এবং মোহনা ও পানবরজ পুকুর ২০০৯ সাল থেকে ভোগদখল করা হচ্ছে।

মৎস্যজীবী সমিতি ও সংশ্লিষ্ট মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, চাতরা ও ফড়িংগা পুকুর ১৪২৮ থেকে ১৪৩০ বঙ্গাব্দ পর্যন্ত ভাগোলপুর দক্ষিণপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছিল। পরে পুকুর দুটির মালিকানা দাবি করে আদালতের শরণাপন্ন হন আব্দুল হাকিম। উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারা কার্যক্রম বন্ধ হয়ে যায়, এরপর পুকুর দুটি দখল করেন তিনি। মোহনা ও পানবরজ পুকুর দুটি তিনি ২০০৯ সালে দখলে নেন। এর মধ্যে মোহনা পুকুরটি মাটি দিয়ে ভরাট করে শ্রেণি পরিবর্তনের পর সেখানে প্রায় পাঁচ বছর ধরে ধান চাষ করা হচ্ছে।

পুকুরগুলোর জমির দলিল খুঁজতে গিয়ে জানা যায়, আব্দুল হাকিম যে মালিকানা দাবি করেছেন, সেই দলিল ভুয়া। রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ১৯৫২ সালের নিবন্ধন অনুযায়ী তিনি আদালতে যে দলিল নম্বর উপস্থাপন করেছেন, সেই নম্বরে কোনো দলিল নেই। এ বিষয়ে রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রত্যয়নও দিয়েছে।

সরকারি পক্ষের আইনজীবীর সহকারী (মুহুরি) মো. ফিরোজ কবির জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলাগুলোর কার্যক্রম দীর্ঘদিন চলমান থাকায় পুকুরগুলোর ইজারা ও রাজস্ব আদায় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, রাষ্ট্রপক্ষের প্রয়োজনীয় তৎপরতার অভাব এবং স্থানীয় সরকারি আইনজীবীদের (জিপি) কার্যক্রমে গাফিলতির কারণে মামলাগুলোর নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে, আর এ সুযোগে একটি পক্ষ সুবিধা নিচ্ছে।

ফিরোজ কবির আরও জানান, আব্দুল হাকিম চারটি পুকুর নিয়ে দুটি মামলা করেছেন। মামলাগুলোর নথি জিপিকে লিখতে দেওয়া হলেও তিনি তা না লিখে বারবার সময় দিয়ে কালক্ষেপণ করছেন।

তবে সরকারি আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) মো. মোসাদ্দেক হোসেন (কাজল) বলেন, ‘টাকার বিনিময়ে মামলায় দেরি হচ্ছে—এটা সম্পূর্ণ মিথ্যা।’

অন্যদিকে অভিযোগটি নিজেই স্বীকার করেছেন পুকুরগুলো দখলকারী আব্দুল হাকিম। তিনি বলেন, ‘সরকারি আইনজীবী আমাকে এসব জমি ভোগদখল করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ কারণেই এসব আমার দখলে আছে।’ তিনি দাবি করেন, পুকুরগুলো তাঁর বাবার সম্পত্তি, এ কারণে তিনি আদালতে রেকর্ড উদ্ধারের মামলা করেছেন। তবে নিজের দাবির সমর্থনে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, ‘একটি সিন্ডিকেট চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি আইনজীবীদের সঙ্গে সখ্য গড়ে তুলে আর্থিক সুবিধা দিয়ে পুকুরগুলো দখলে রেখে ভোগ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা জমিগুলোর আসল দলিল হাতে পেয়েছি। সেগুলো নিয়ে কাজ করছি। আদালতে যথাসময়ে উপস্থাপন করা হবে।’

স্থানীয় হাঞ্জালপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘আমরা চাই, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পুকুরগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হোক। এরপর প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিয়ে সরকার রাজস্ব আদায়ের ব্যবস্থা করুক।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…