তারাগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু: সড়ক আইনে মামলা, এজাহারে বাস থেকে ফেলে দেওয়ার কথা নেই, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন

রংপুরের তারাগঞ্জে দুজন যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ভাড়া নিয়ে বিরোধের পর দুই শ্রমিক বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। বাস থেকে ফেলে দেওয়ার বিষয়টি এজাহারে এড়িয়ে যাওয়া হয়েছে, যদিও বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা দুই শ্রমিককে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটে গত রোববার সকাল ৮টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায়। নিহত দুই শ্রমিক হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন; বাড়ি ফেরার পথে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে।
নিহত মুকুলের বাবা মাহবুবার সরকার রোববার দুপুরে তারাগঞ্জ থানায় মামলাটি করেন। এতে বাসচালক আজির হোসেন ও সহকারী শফিক ইসলামকে আসামি করা হয়; তাঁদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
মুকুল ও শাকিব প্রায় এক মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে কুমিল্লায় যান। ১৪ নভেম্বর রাতে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। পরদিন সকাল সোয়া ৮টার দিকে তারাগঞ্জের জিগাতলা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা সেখানে যান।
এজাহারে বলা হয়েছে, বাসের চালক ও সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে দুই শ্রমিকের কথা-কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তাঁরা বাস থেকে নেমে সামনের দিক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে তাঁদের ধাক্কা দেন। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।
এজাহারে চালক ও সহকারীর বিরুদ্ধে বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুজনের মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়। তবে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, লাথি মারা কিংবা পরিকল্পিতভাবে হত্যার কোনো বর্ণনা নেই; বরং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে জানতে বাদী মাহবুবার সরকারকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন তাঁর ছেলেকে দেন। পরে একপর্যায়ে তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে শুনেছেন, তাঁর ছেলে রাস্তা পার হওয়ার সময় মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য মামলায় তা-ই উল্লেখ করেছেন।
তবে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ভিন্ন বিবরণ পাওয়া গেছে। স্থানীয় কুর্শা জিগাতলা এলাকার কৃষক জামাল হোসেন ঘটনার সময় মহাসড়কের পাশে কয়েকজন শ্রমিকের সঙ্গে ধান কাটছিলেন। তিনি বলেন, ‘আমরা ধান কাটতেছি। মোটরসাইকেল থেকে চিল্লাচ্ছে। গাড়ি থেকে লোক ফেলে দিছে। তখন লাফ দিয়ে আমরা রাস্তায় উঠছি। লোকটার ওপর দিয়ে গাড়িটা চলি গেছে।’
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বলেন, ‘চিল্লানি শুনি আমরা ১৮-২০ জন রাস্তায় উঠে দেখি দুই জায়গায় দুইজন পড়ি আছে। গাড়িটা চলি যাচ্ছে। দেখি একজন চাকায় পিষ্ট হয়ে মারা গেইছে। আরেকজনকে হাসপাতালে পাঠাছি।’
প্রত্যক্ষদর্শী রাজ্জাক ইসলাম বলেন, ‘আমরা ধান কাটির যাইছি। রাস্তা পার হই নাই। দেখি রাস্তায় গাড়ি থাকি একজনকে লাথি মারি ফেলে দেইল। লোকটা একেবারে ওই জায়গায় শেষ। পরে একটু আগে যে যায় দেখি, আরেকটা লোকও রক্তাক্ত হয়া পড়ি আছে। ওটা লোকও বাঁচি নাই।’
ওই বাসের যাত্রী ও নিহত ব্যক্তিদের প্রতিবেশী চাচা আতিক ইসলামের অভিযোগ, বাসের সহকারী তাঁকে গামছা দিয়ে আটকে রেখেছিলেন। এ সময় দুই শ্রমিক চলন্ত বাসে ওঠার চেষ্টা করলে চালক বাসের গতি বাড়িয়ে দেন। পরে সহকারী তাঁদের লাথি মেরে ফেলে দেন।
উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, মুকুলের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এজাহারে হত্যা বা ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ নেই কেন — এমন প্রশ্নে ওসি বলেন, ‘বাদী হত্যা বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বিষয় উল্লেখ করেননি। ভাড়া নিয়ে তর্কের কথা বলেছেন। হত্যা কি না, তদন্ত করে দেখা হবে।’




