সংসদে ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন বিল উত্থাপন, কমিটিতে না পাঠিয়ে সরাসরি পাসের প্রস্তাব অর্থমন্ত্রীর
জাতীয় সংসদে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিদ্যমান ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আরও সংশোধনের লক্ষ্যে বিলটি আনা হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন।
অধিবেশনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অর্থমন্ত্রী প্রথমে বিলটি উত্থাপনের জন্য ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে বিলটি সংসদে উপস্থাপন করেন।
সাধারণত সংসদে কোনো বিল উত্থাপনের পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তা সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। তবে এই বিলের ক্ষেত্রে অর্থমন্ত্রী ব্যতিক্রমী প্রস্তাব দেন।
তিনি বিলটিকে ‘ইনোসেন্ট বিল’ বা সাধারণ ও নির্দোষ সংশোধনী বিল হিসেবে উল্লেখ করে সংসদীয় স্থায়ী কমিটিতে না পাঠিয়ে এক দিনের সময় নিয়ে সরাসরি পাসের জন্য সংসদে তোলার প্রস্তাব করেন।
এ সময় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বিলটি সরাসরি পাসের জন্য তোলার বিষয়ে বিরোধী দলের সদস্যদের আপত্তি থাকবে না।
অর্থমন্ত্রীর প্রস্তাবের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদকে জানান, বিলটি মঙ্গলবার পাসের জন্য উত্থাপন করা যাবে। তবে এ বিষয়ে কোনো সংসদ সদস্যের আপত্তি বা মতামত থাকলে সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী তাঁরা নির্ধারিত সময়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।



