জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ নভেম্বর, পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে।
সোমবার ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারও সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো এ, বি, সি, সি-১, ডি, ই এবং আইবিএ-জেইউ।
বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এ, বি, সি ও ডি ইউনিটে ৮০০ টাকা, সি-১ ও আইবিএ-জেইউ ইউনিটে ৬০০ টাকা এবং ই ইউনিটে ৭০০ টাকা।
ভর্তির আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট admission.juniv.edu-এর মাধ্যমে। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।
২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফলের হার বিবেচনায় ভর্তির ন্যূনতম যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে।
এ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে।
সি ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ প্রয়োজন। সি-১ ইউনিটে উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে। ডি ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩.৫০ ও মোট ৮.০০ প্রয়োজন।
ই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে। আইবিএ-জেইউ ইউনিটেও বিজ্ঞান বিভাগের জন্য একইভাবে পৃথকভাবে জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে।




