গোপালগঞ্জের পর আরও ২৯ জেলায় মাঠে নামার প্রস্তুতি নিষিদ্ধ আওয়ামী লীগের, বৃহস্পতিবার অনলাইন ‘লকডাউন’ ঘোষণা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার পর দেশের আরও ২৯টি জেলায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দলটি আগামী বৃহস্পতিবার অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এই কর্মসূচি সফল করতে ভারতের কলকাতায় অবস্থানরত দলটির কয়েকশ নেতাকর্মী নিয়মিত সভা করছেন। এসব সভায় কেন্দ্রীয় নেতারাও যোগ দিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দিচ্ছেন।
দলীয় নেতারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া অনেক নেতাকর্মী এরই মধ্যে গোপনে দেশে ফিরেছেন। গ্রেপ্তারের ভয় থাকলেও তারা সাংগঠনিক তৎপরতা বাড়ানোর জন্য ঝুঁকি নিতে প্রস্তুত।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, গোপালগঞ্জে গত দুই দিনে যা ঘটেছে, তা দলীয় সিদ্ধান্তেই হয়েছে। একইভাবে আরও ২৯টি জেলায় এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ঢাকার পাশের গাজীপুর ও নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, উত্তরের গাইবান্ধা ও দিনাজপুর এবং সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন।



