কারিগরি শিক্ষকদের চাকরির তথ্য ২৮ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ অধিদপ্তরের
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত চার শ্রেণির শিক্ষক ও কর্মকর্তার চাকরি-সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছকে পূরণ করে এসব তথ্য আগামী ২৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
যেসব পদের কর্মরতদের তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের হালনাগাদ তালিকা তৈরির জন্য তাঁদের চাকরির পুঞ্জীভূত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা তথ্যের হার্ডকপি ও সফটকপি অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি বা পেনড্রাইভে জমা দিতে হবে; এটি এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে। তথ্য পূরণের ক্ষেত্রে কোনো ভুল বা অসম্পূর্ণতা রাখা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
চাকরির তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমেও তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য সঠিকভাবে পূরণ এবং জমা হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।




