…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বিএনপি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, লন্ডনে বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, লন্ডনে বললেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় সোমবার রাতে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত সাত মাসে এবং অভ্যুত্থানের পর নানা প্রক্রিয়ায় বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য তাঁকে তাঁরা শ্রদ্ধা করেন। কিন্তু তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, আর নিজের জীবনদানের মধ্য দিয়ে সেই প্রায়শ্চিত্ত তাঁকে করতে হয়েছে। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে; তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে নাহিদ ইসলাম বলেন, ‘আপনি সংস্কার করবেন না, আপনি বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য? জুলাইয়ের ঐক্য রয়েছে। সেই ঐক্য কোনো দলের সঙ্গে নয়, সেই ঐক্য বাংলাদেশের জনগণের সঙ্গে।’

দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হলে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাস থেকে বিভিন্নভাবে অংশগ্রহণ ও সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ-বিষয়ক সম্পাদক নুরুল হুদা জুনেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের সালেহ, খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদসহ এনসিপির যুক্তরাজ্য শাখার নেতারা।

অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান নাহিদ ইসলাম; অনুষ্ঠান শেষে কড়া নিরাপত্তার মধ্যে তিনি বেরিয়ে যান। সংবর্ধনা শেষে ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান
রাজনীতি

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে …