উত্তরাখণ্ডে সেতু থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৮
ভারতের উত্তরাখণ্ডে সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে নদীতে তলিয়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজ্যের ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগগামী বাসটি একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে যায়। পরে বাসটি নিচ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদীতে গিয়ে পড়ে।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন এসডিআরএফের দল উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে উদ্ধার অভিযানে আরও দল পাঠানো হয়েছে।
এদিকে, নদীর তলদেশে ছড়িয়ে থাকা পাথরের মধ্যে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



