হ্যানয়ের হ্রদের পাড়ে পর্যটকদের সঙ্গে কথা বলে ইংরেজি শিখছে ছয় বছরের হিউ

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক হোয়ান কিয়েম হ্রদের পাড়ে ছয় বছরের একটি শিশু বিদেশি পর্যটকদের দিকে এগিয়ে গিয়ে হাসিমুখে বলে, ‘হ্যালো, আই অ্যাম হিউ। আই অ্যাম ফ্রম ভিয়েতনাম।’ ছেলেটির নাম হা নগক হিউ। কয়েক মাস ধরে সে এই বিখ্যাত পর্যটনকেন্দ্রটিকে নিজের জীবন্ত ও উন্মুক্ত ইংরেজি শেখার ক্লাসরুমে পরিণত করেছে।
হিউর এই ইংরেজি শেখার গল্প এখন ভিয়েতনামের বাইরেও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথা বলা ও আত্মবিশ্বাসী ভঙ্গির ভিডিও কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সপ্তাহের এই আড্ডা শেষে মায়ের কাছ থেকে পুরস্কার হিসেবে সে পায় তার প্রিয় আইসক্রিম।
এই অর্জনের পেছনের গল্পটি অন্য রকম। হিউর মা হোয়াং নগক আন নিজে ইংরেজি জানেন না বললেই চলে। হিউর বয়স যখন সাড়ে পাঁচ বছর, তখন তাকে স্থানীয় একটি ইংরেজি ক্লাসে ভর্তি করানো হয়েছিল, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়।
ছেলের ভাষার প্রতি আগ্রহ থামতে দিতে চাননি মা। তিনি নিজে ইংরেজি বলতে পারতেন না, তাই ইন্টারনেট ও বিভিন্ন এআই টুলের সাহায্য নিয়ে নিজেই উচ্চারণ শিখতে শুরু করেন। পাশাপাশি তিনি ছেলেকে ঘরে বসে কার্টুন ও বিভিন্ন ইংরেজি মাধ্যমের সাহায্যে ভাষাটির সঙ্গে অভ্যস্ত করে তোলেন।
ভাষা শেখার একপর্যায়ে হিউর অনুশীলনের প্রয়োজন পড়ে। মা জানতে চান, বিদেশিদের সঙ্গে কথা বলতে তার ভয় করে কি না। ছোট্ট হিউর উত্তর ছিল, ‘ওরা কি ভূত নাকি? ভয় পাব কেন!’ ছেলের এই কথায় মায়ের সব চিন্তা দূর হয়ে যায়।
গত জুন মাস থেকে প্রতি শনি ও রোববার সকালে মা-ছেলে হাজির হতে শুরু করেন হোয়ান কিয়েম হ্রদের পাড়ে। মা প্রথমে অনুবাদ অ্যাপের সাহায্যে পর্যটকদের বুঝিয়ে বলেন, তার ছেলে ইংরেজি অনুশীলন করতে চায়। হিউ প্রথমে নাম, বয়স ও জাতীয়তা দিয়ে শুরু করলেও ধীরে ধীরে আলোচনা ছড়িয়ে দেয় বিভিন্ন দেশের ভূগোল, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও বন্য প্রাণীর গল্পে।
ইসরায়েল, তিউনিসিয়া, আমেরিকা ও জার্মানিসহ বিভিন্ন দেশের পর্যটকদের সঙ্গে কথা বলতে বলতে হিউ শুধু ইংরেজিই শিখছে না, বিশ্ব সম্পর্কেও জ্ঞান অর্জন করছে। কোনো পর্যটকের সঙ্গে কথা বলার পর বাড়িতে ফিরে মা ও ছেলে মিলে সেই দেশ সম্পর্কে আরও পড়াশোনা করেন, যেন পরেরবার দেখা হলে কথা আরও জমে ওঠে।
পর্যটকেরা এই ছোট্ট ছেলের বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হন। কেউ কেউ তার সঙ্গে ১০ মিনিট ধরে আলাপে মেতে ওঠেন। বিদায়বেলায় হিউ তার দেশের প্রতীক হিসেবে তাঁদের হাতে তুলে দেয় কাঠের তৈরি ছোট ড্রাগন বা সুন্দর কোনো স্যুভেনির।
বর্তমানে টিকটক ও ইউটিউবে মা-ছেলের ভিডিওগুলোর অনুসারীর সংখ্যা লাখ লাখ। এত সাফল্যের পরও হিউর মা কোনো ধরাবাঁধা লক্ষ্য রাখেননি। তিনি চান না, ছেলে শৈশব হারিয়ে শুধু পড়াশোনার চাপে পিষ্ট হোক; তিনি চান, ছেলেটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠুক ও বিশ্বকে নিজের মতো করে আবিষ্কার করুক।
তবে সবার কাছ থেকে সমান উষ্ণ অভ্যর্থনা জোটে না। হ্যানয়ের বিভিন্ন ভাষা ক্লাব ও স্কুল থেকে পড়ুয়ারা নিয়মিত ইংরেজি চর্চার জন্য এই হ্রদের পাড়ে আসে বলে অনেক পর্যটক মাঝেমধ্যে বিরক্ত হন, আর হিউ ও তার মাকেও অনেকবার ‘না’ শুনতে হয়েছে। মা হোয়াং সব সময় খেয়াল রাখেন পর্যটকদের শারীরিক ভাষা কেমন, যাতে জোর করে কারও বিরক্তির কারণ না হতে হয়। মার্কিন পর্যটক কেন্ডাল স্টেম্পেল ও ক্লোই স্টার্ন জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন ছেলেটি হয়তো কিছু বিক্রি করতে এসেছে, কিন্তু পরে তার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে কথা বলেন।




